ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হক মারা যাওয়ায় এ বছর ঈদ-উল-ফিতরের প্রধান জামাতের নামাজে ইমামতি করবেন একই মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা তৌহিদ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বায়তুল মোকাররমের খতিবই এতদিন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের ইমামতি করতেন। ১৯৮৪ সালের পর মাঝে তিন বছর বাদে গত ঈদ-উল-আযহা পর্যন্ত সব জামাতেই ইমামতি করেন মাওলানা উবায়দুল হক।
তৌহিদ হোসেন বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় বায়তুল মোকাররমের খতিবের পদ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে প্রায় তিন বছর মাওলানা উবায়দুল হক ঈদের জামাতে ইমামতি করেননি।"
নতুন খতিব নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঈদের পর এই গুরুত্বপূর্ণ পদটি পূরণের উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, মাওলানা উবায়দুল হক গত শনিবার মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএইচবি/২১৫২ ঘ.
bdnews24