২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরকে ব্যারিস্টার মওদুদের উকিল নোটিশ

সাবেক আইনমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মওদুদ আহমদের অপ্রদর্শিত আয়ের ওপর প্রায় চার কোটি টাকা আয়কর গ্রহণ করার জন্য এনবিআরকে বৃহষ্পতিবার এই লিগ্যাল নোটিশ দেন তার পক্ষে আইনজীবী মো. মইনুল হায়দার চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক আইনমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মওদুদ আহমদের অপ্রদর্শিত আয়ের ওপর প্রায় চার কোটি টাকা আয়কর গ্রহণ করার জন্য এনবিআরকে বৃহষ্পতিবার এই লিগ্যাল নোটিশ দেন তার পক্ষে আইনজীবী মো. মইনুল হায়দার চৌধুরী। আগামী সাত দিনের মধ্যে এই আয়কর গ্রহণ না করলে এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান, কেন্দ্রীয় তদন্ত সেল এর মহাপরিচালক মো. মোস্তাক হোসাইন, দ্বিতীয় সচিব শামিমা আক্তার ও আয়কর বিভাগের ডেপুটি কমিশনার তৌহিদুল মুনিরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে। গত ১৪ জুলাই মওদুদ আহমদ এনবিআরকে একটি চিঠি দেন। এতে তিনি গত ৪ জুন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তার অপ্রদর্শিত অর্থের ওপর ৩ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৯৯৪ টাকা আয়কর প্রদানের কথা বলেন। জব্দকৃত ব্যাংক হিসাব থেকে এই টাকা গ্রহণ করতে তিনি এনবিআরকে অনুরোধ করেন চিঠিতে। কিন্তু এনবিআর গত ১৯ জুলাই এক চিঠির মাধ্যমে তার এই আয়কর গ্রহণ না করার কথা জানায়। এনবিআরের চিঠিতে বলা হয়েছিল, যাদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা রয়েছে বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে তাদের কাছ থেকে অপরিশোধিত কর গ্রহণ করা হবে না। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদ গত ১২ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। গত ১৫ আগস্ট এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি গ্রহণ করে বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহ্উদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার মওদুদের আয়কর গ্রহণ করতে এনবিআরকে নির্দেশ দেন। সেইসঙ্গে আদালত মওদুদ আহমদের অপরিশোধিত আয়কর গ্রহণ না করা সংক্রান্ত এনবিআরের চিঠিকে কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এনবিআরের চেয়ারম্যান, কেন্দ্রীয় তদন্ত বিভাগের মহাপরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে রুল জারি করেন। গত ২৬ সেপ্টেম্বর মওদুদ আহমদকে এনবিআর আবার এক চিঠিতে তার অপ্রদর্শিত অর্থের আয়কর গ্রহণ করা যাবে না বলে জানায়। এই চিঠির প্রেক্ষিতে বৃহষ্পতিবার তিনি এনবিআরকে এই লিগ্যাল নোটিশটি দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে যৌথবাহিনী গত ১৩ এপ্রিল তার গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮১৫ঘ.