সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অন্য বছরের তুলনায় সিলেটের ঈদ বাজার এবার তেমন জমেনি। সিলেটের ব্যবসায়ীরা এই মৌসুমে 'বিশেষ ক্রেতার' অপেক্ষায় থাকেন। কিন্তু এবার সেই 'বিশেষ ক্রেতা' বা লন্ডন প্রবাসীদের দেখা নেই। দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এবার খুব কম প্রবাসী ঈদ উপলক্ষে বাড়ি এসেছেন। তাই ঘরে ফেরা প্রবাসীবিহীন সিলেটের ঈদবাজারে চলছে মন্দাভাব।
সিলেটের লন্ডন প্রবাসীরা ঈদ উপলক্ষে প্রতিবছরই দেশে আসেন। তবে এবার জরুরি অবস্থার কারণে ভয়েই অনেকে দেশে আসেনি। এছাড়া, এখন বিলেতের স্কুলে পরীক্ষা চলছে বলেও অনেক পরিবার আসতে পারেনি।
নগরীর পীরমহল্লা এলাকার হাজী ময়না মিয়া ও বেগম ময়না মিয়া লন্ডন থেকে ঈদ করতে এসেছেন। কিন্তু তাদের ছেলে-মেয়েদের আনা যায়নি। এই দম্পতি জানান, দেশের অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেকেই ভয়ে দেশে আসেনি।
অন্যদিকে, নগরীর দরগামহল্লা এলাকার লন্ডন প্রবাসী রুহেল আহমদ বলেন, "প্রতিবছর স্ত্রী, ছেলে-মেয়েদের নিয়ে দেশে ঈদ করতে আসি। এবার একা একা ঈদ করব। খারাপ লাগছে। সামনে ছেলে মেয়েদের পরীক্ষা। তাই বাচ্চাকাচ্চাদের ফেলেই চলে আসতে হলো।"
প্রবাসীরা এবার দেশে তেমন না ফেরায় শুধু সিলেটের ঈদ বাজার নয়, সবক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীরা জানান। প্রবাসীরা দেশে আসলে গরিব আত্মীয়স্বজন কিছুটা সুবিধা পান। এবার অনেকেই তা থেকে বঞ্চিত। তাছাড়া যাকাত ও ফিতরার পরিমাণও কমে যাবে বলে আশঙ্কা করেছেন অনেকে।
সিলেটের মধুবন মার্কেটের আল আমীন ক্লথ স্টোরের মালিক জামিল আহমদ জানান, প্রতিবছর যাকাতের কাপড় ভালো বিক্রি হয়। প্রবাসীরা দেশে আসলে আত্মীয় স্বজনসহ পরিচিত অনেককেই কাপড় দিতে চান। এতে করে বিক্রি বাড়ে, কিন্তু এবার প্রবাসীর সংখ্যা কম থাকায় বিক্রি কম।
নগরীর শুকরিয়া মার্কেটের অভিজাত বিপনিবিতান 'সাজন' এর পরিচালক শাখাওয়াত হোসেন আজাদ বলেন, "এবার অন্য বছরের তুলনায় বিক্রি কম। তারপরও লোকজন উৎসাহ নিয়ে কেনাকাটা করছেন। প্রবাসী ক্রেতা না থাকায় নামিদামি ব্র্যান্ডের কাপড় বিক্রির হার কম।"
প্রবাসীদের ঈদ বাজারে এবার কম দেখা গেলেও স্থানীয়রা অবশ্য তাদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটায় নেমে পড়েছেন। এদের মধ্যে তরুণদের ভিড়ই বেশি।
শুকুরিয়া মার্কেটের ফ্যাশন গাইড দোকানের সত্ত্বাধিকারী মুজিবুর রহমান বলেন, "তরুণরা দোকানের ভিড় করছে বেশি। বুধবার থেকে আমরা পুরোদমে বিক্রি শুরু হয়েছে।"
শুকরিয়া মার্কেটে মেহেদীসহ কিছু প্রসাধনী কিনতে আসা নগরীর সাপ্লাই এলাকার গৃহবধূ আম্বিয়া বেগম জানান, কাপড়চোপড় আগেই কেনা হয়েছে। এখন কিছু প্রসাধনী কেনা বাকি। অনান্য বছরের তুলনায় সবকিছুর দাম বেশি বলে অভিযোগ করেন তিনি।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার সিলেটের ঈদের বাজারে দেশি পণ্যের বিক্রি বেড়েছে। নিত্য উপহার, দাঁড়কাক, স্বপ্নবাজ, তারা মার্কা, বাঙাল, পঙতিসহ বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসগুলোর টি শার্ট, ফতুয়ার চাহিদা তরুণদের মধ্যে বেশি বলে জানালেন সিলেটের ফ্যাশন হাউস সেন্টার রঙের বাড়ই এর পরিচালক মাহবুবুর রহমান।
এদিকে, নগরীর ফুটপাতের ঈদের বাজারেও বুধবার থেকে ভিড় শুরু হয়েছে। এখানে আসা ক্রেতাদের বেশিরভাগই নিুআয়ের মানুষ। তবে পণ্যের বেশি দামে নাজেহাল হচ্ছেন তারা। এমনি এক ক্রেতা রিক্সা চালক রহমত মিয়া বলেন, "গরিবের আবার ঈদ কী! তারপরও শখ কইর্যা বাজারে আইছি। এইখানেও (ফুটপাত) কাপড়ের দাম বেশি। গতবার এই কাপড়ের দাম আরও কম ছিল। দাম বেশি হওয়ায় বাজার না কইর্যা ফিরা যাইতাছি।"
অন্য বছর ঈদ সামনে রেখে সিলেটের রাজনীতিবিদ ও বড় বড় ব্যবসায়ীরা উপহার সামগ্রী বিতরণ করলেও এবার তা একেবাই বন্ধ। নগরীর কোনো জায়গা থেকে এবার এ ধরনের কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি। পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীদের দলবেঁধে কেনাকাটার রেওয়াজ সিলেটে থাকলেও এবারের ঈদবাজারে তার ছিঁটেফোটাও চোখে পড়ছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএ/১৩৪১ ঘ.
bdnews24