২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের সঙ্গে কালা জাহাঙ্গীরের সুসর্ম্পর্ক ছিল : সন্ত্রাসী তাজ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সুসম্পর্ক ছিল বলে দাবি করেছে সিআইডি পুলিশের হাতে বন্দী তিন শীর্ষ সন্ত্রাসীর একজন হাবিবুর রহমান তাজ । তাজ পুলিশকে বলেছে, হাওয়া ভবনে কালা জাহাঙ্গীরের অবাধ যাতায়াত ছিল। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত পুলিশের উর্ধ্বতন সূত্র এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সুসম্পর্ক ছিল বলে দাবি করেছে সিআইডি পুলিশের হাতে বন্দী তিন শীর্ষ সন্ত্রাসীর একজন হাবিবুর রহমান তাজ । তাজ পুলিশকে বলেছে, হাওয়া ভবনে কালা জাহাঙ্গীরের অবাধ যাতায়াত ছিল। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত পুলিশের উর্ধ্বতন সূত্র এ কথা জানান। তাজ আরও বলেছে, কালা জাহাঙ্গীর আত্মহত্যা করেছে এবং পিচ্চি হান্নান তার দাফন সম্পন্ন করেছিল। তাজের এসব বক্তব্য খতিয়ে দেখছে সিআইডি পুলিশ। ভারতে পালিয়ে থাকা তিন সন্ত্রাসী হাবিবুর রহমান তাজ, মো. ইব্রাহিম ও সেলিম ওরফে লম্বু সেলিমকে গত ৭ অক্টোবর সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। ৮ অক্টোবর এদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সিআইডির একটি বিশেষ দল তাদের জিজ্ঞাসাবাদ করছে। অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (সিআইডি) ফণীভূষণ চৌধুরী বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পাওয়া গেছে। এগুলো কতোটুকু সত্য তা যাচাই করে দেখা হচ্ছে।" ফণীভূষণ চৌধুরী জানান, এই তিনজন ছাড়াও ভারতীয় পুলিশের হেফাজতে থাকা অন্য সন্ত্রাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ভারতের জেলে বন্দী আছে এমন ৭/৮জনের নাম পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন,' তাদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছূ আইনগত জটিলতা আছে। যেমন, শীর্ষ সন্ত্রাসী জয়ের ভারতীয় পাসপোর্ট রয়েছে। এ বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাকে আনা যাচ্ছে না। এই শীর্ষ সন্ত্রাসীদের বিষয়টি নিয়ে কাজ করছেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (সিআইডি) আব্দুল্লাহ আরেফ। তিনি বলেন, 'গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একসময় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ছিল বলে জানিয়েছে এ সন্ত্রাসীরা। এসব তথ্য যাচাই করে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়া হবে। ইতিমধ্যে তারা বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে ১৬১ ধারায় (পুলিশের কাছে) জবানবন্দী দিয়েছে।' নাম প্রকাশ না করার শর্তে সিআইডির জিজ্ঞাসাবাদকারী দলের এক কর্মকর্তা জানান, সিআইডি'র তদন্ত কর্মকর্তাদের কাছে হাবিবুর রহমান তাজ বলেছে, কালা জাহাঙ্গীরের সঙ্গে তারেক জিয়া ও তার বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দীন আল মামুনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কালা জাহাঙ্গীর অবাধে হাওয়া ভবনে যাতায়াত করতো। শীর্ষ সন্ত্রাসী আরমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ট লোক বলেও পুলিশের কাছে দাবি করেছে তাজ। আরমান জোট সরকারের সময় ২০০৩ সালে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে। জিজ্ঞাসাবাদকারী দলের ঐ কর্মকর্তা জানান, তারেকের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দীন মামুন ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে তাজ পুলিশকে বলেছে। সুব্রত বাইনের ব্যবসার টাকা মামুনের কাছে থাকতো বলে জানিয়েছে সে। কালা জাহাঙ্গীর 'খুব ভাল' ছিল মন্তব্য করে তাজ পুলিশকে বলেছে, কালা জাহাঙ্গীরের সঙ্গে তার ও পিচ্চি হান্নানের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। তাজ বলেছে অপরাধ কর্মকান্ড নিরাপদে চালানোর জন্য তারা কালা জাহাঙ্গীরের মৃত্যুর খবর গোপন রেখেছিল। জবানবন্দীতে সেলিম ওরফে লম্বু সেলিম জানিয়েছে, সন্ত্রাসী ইমামের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ইমামের সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সুসম্পর্ক ছিল। ইমামের মাধ্যমে তার সঙ্গেও হারিছ চৌধুরীর সুসম্পর্ক গড়ে ওঠে বলে দাবি সেলিমের। সিআইডি সূত্র আরো জানায়, সেলিম বলেছে খালেদা জিয়ার নিরাপত্তার গাড়িতে ইমাম সার্বক্ষণিকভাবে থাকতো। তার সঙ্গে হাওয়া ভবনের খুব ভালো যোগাযোগ ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/১৮৪৫ঘ.