২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সাতক্ষীরার কালীগঞ্জে বুধবার বাসচাপায় এক শিশু ও গাজীপুরে হিউম্যান হলার উল্টে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালীগঞ্জে বুধবার বাসচাপায় এক শিশু ও গাজীপুরে হিউম্যান হলার উল্টে এক যুবক নিহত হয়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে বুধবার বাসের চাপায় আব্দুর রহমান (৯) নামে এক শিশু নিহত হয়। আব্দুর রহমান উপজেলার পূর্ব নলতা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, নলতা বাজারে রাস্তা পারাপারের সময় সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী একটি বাস আব্দুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকাল ৮টার দিকে একটি হিউম্যান হলার উল্টে গেলে দ্বীন ইসলাম (২৬) নামে এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়। নিহত দ্বীন ইসলাম শেরপুরের শ্রীবর্দী এলাকার ইউসুফ আলীর ছেলে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকালে গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় একটি হিউম্যান হলার উল্টে যায়। এতে দ্বীন ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি জানান, পুলিশ হিউম্যান হলারটিকে আটক করতে পারলেও চালক পলাতক। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএআর/এসএনডি/২১৩৬ ঘ.