ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবাজার এলাকায় বুধবার সন্ধ্যায় দুইদল ব্যবসায়ীর সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের পর পুরো বঙ্গবাজার এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
শাহবাগ থানার দ্বিতীয় কর্মকর্তা আখতার মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে বঙ্গবাজারের এক দোকানমালিক গুদাম থেকে জুতার বস্তা নিয়ে যাওয়ার সময় গুলিস্তান সুপার মার্কেটের এক ব্যবসায়ীর গায়ে লাগে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গুলিস্তান সুপার মার্কেট ও বঙ্গবাজার দোকান মালিকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষের সময় উভয়পক্ষ লাঠিশোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে কমপক্ষে পাঁচজন জখম হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুই বিপনীবিতানের ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠকের পর সমঝোতা হলে রাত আটটার দিকে সব দোকানপাট আবার পুরোদমে চালু হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম রাত সাড়ে আটটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। সফল আলোচনা শেষে দুপক্ষই নিজেদের দোকানপাট আবার চালু করেছে। '
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২১১৯ঘ.
bdnews24