ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে গতবছর ছয়জনকে একসঙ্গে জবাই করে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই মামলার চার আসামিকে গ্রেপ্তার এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ২০দিন পর বুধবার গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যারহস্য উদঘাটন কথা সাংবাদিকদের জানায়।
বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান আব্দুল জলিল বলেন, "আমরা এই মামলাটি নিয়ে প্রচণ্ড চাপে ছিলাম। দীর্ঘ তদন্ত শেষে আমরা ওই ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি।"
তিনি জানান, পল্লবীর কাজী সিরাজুল হক গত বছরের ১৩ অক্টোবর স্ত্রী, ছেলে-মেয়ে ও গাড়ি চালক সাইদকে নিয়ে ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াত খেতে যান। সেখান থেকে বাসায় ফিরে তিনি দেখতে পান দুস্কৃতকারিরা বাসার চার গৃহকর্মী রিজিয়া (৪০), খাদিজা (১৫), আন্না (১৪), মনির (১২), রিজিয়ার ছেলে তোফেল (১৭)ও দারোয়ান মিলন বক্সিকে (৪২) জবাই করে হত্যা করে নগদ টাকা ও স্বণালংকার লুট করে পালিয়েছে। এ ব্যাপারে কাজী সিরাজুল হক বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
চলতি বছরের ৮ মে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। ডিবির পরিদর্শক মো. ফরমান আলীকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের একপর্যায়ে মোবাইলফোনের কললিস্টের সূত্র ধরে ডিবি সদস্যরা ১৯ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা এলাকা থেকে মো. মাছুম মাতব্বরকে গ্রেপ্তার করে। সে কাজী সিরাজুল হকের গাড়ির সাবেক চালক ছিলো।
মাছুমের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে ২৩ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত ওই বাড়ির সুপারভাইজার মো. আজিম ও জাকির হোসেন বাহারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নামাশ্যামপুর এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
আব্দুল জলিল জানান, জিজ্ঞাসাবাদে আসামিদের সবাই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে মাছুম, বাহার ও কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
জবানবন্দিতে আসামিরা জানায়, নির্মাণাধীন বাড়ির মালিক কাজী সিরাজুল হক শ্রমিক ও নির্মাণসামগ্রীর বিল পরিশোধের জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে ঘরে রেখেছেন বলে আজিমের কাছে তথ্য ছিলো। ওই টাকা লুট করার জন্য ১৩ অক্টোবর রাত ৮টার দিকে বাহার, মাছুম ও কামরুল দুটি ছুরি নিয়ে বাড়িতে ঢোকে। আজিম আগে থেকেই ওই বাসায় ছিলো। তারা বাসায় ঢুকে গৃহকর্মী ও দারোয়ানসহ ছয়জনের হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লূট করে। লুটপাট শেষে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না রাখার জন্য ছয়জনকেই গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়।
এদিকে ২০ দিন আগে আসামিরা জবানবন্দি দিলেও এতদিন পর কেন তা প্রকাশ করা হলো- এমন প্রশ্নের জবাবে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান আব্দুল জলিল বলেন, "মলম পার্টির কবলে পড়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুকুল হত্যার বিষয়টি নিয়ে আমরা এতদিন চাপের মধ্যে ছিলাম। মুকুল হত্যা রহস্য উদঘাটনই আমাদের মুখ্য কাজ হয়ে উঠেছিল। এ কারণে ছয় খুনের হত্যা রহস্য অনেক আগেই উদঘাটন হলেও তা প্রচার করতে দেরি হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/ ১৮০০ ঘ.
bdnews24