২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় তিনজন নিহত

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার রেল ও সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জে ট্রাক চাপায় ও ট্রেনের চাকায় কাটা পড়ে দুজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় মিনিবাস- টেম্পু মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 06:02 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

বাগেরহাট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার রেল ও সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জে ট্রাক চাপায় ও ট্রেনের চাকায় কাটা পড়ে দুজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় মিনিবাস- টেম্পু মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা সেতুর পশ্চিম পাশে ঢাকা-বগুড়া মহাসড়কের কড্ডার মোড় এলাকায় সন্ধ্যা ৭টার দিকে বগুড়াগামী একটি ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৪০) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। সাইফুলের বাড়ি সদর উপজেলার সাইদাবাদ ইউনিয়নের চাকলি গ্রামে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশান মোস্তফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকের চাপায় সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিতহ হন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। একই জেলার উল্ল্যাপাড়া রেল স্টেশনে ট্রেনের চাকায় কাটা পড়ে খাদিজা (৩) নামের একটি শিশু মারা গেছে। খাদিজার বাবার নাম ফরিদ হোসেন। তার বাড়ি উল্ল্যাপাড়া উপজেলার সেনগান্তি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উল্ল্যাপাড়া স্টেশনে সন্ধ্যা ৭টার দিকে রেল লাইন পার হওয়ার সময় দাদীর কোল থেকে খাদিজা লাইনের ওপর পড়ে যায়। এ সময় ঈশ্বরদী থেকে আসা একটি লোকাল ট্রেনের চাকায় কাটা পড়ে সে। সিরাজগঞ্জ বাজার স্টেশনের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিনয় কুমার জানান, তারা ঘটনাটির কথা শুনেছেন তবে ঘটনাস্থলে পৌঁছে কোনো লাশ পাননি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুপুরে একটি মাইক্রোবোসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুচালক আবুল লায়েস (২০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। হতাহতদের সবাই টেম্পুযাত্রী। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কান্তি দাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেম্পুচালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত ১০ জনকে আশুগঞ্জ ও ব্্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১১৫৮ ঘ.