ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার অভিযোগে খিলগাঁও থানার উপপরিদর্শক খান নুরুল ইসলাম ও তার ব্যক্তিগত সোর্স মহিউদ্দিন বাচ্চুকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এ নিয়ে এক সপ্তাহে রাজধানীর চার থানার চার পুলিশ সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার এবং দু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।
খিলগাঁও থানার উপপরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীনা ইসলাম নামে এক মহিলার দায়ের করা মামলায় সোমবার মধ্যরাতে খান নুরুল ইসলাম ও মহিউদ্দিন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, উপপরিদর্শক নুরুল ইসলাম ৩ অক্টোবর দীনা ইসলামের ছোট ভাই বাপ্পীকে আটক করেন। পরে থানা হাজতে বাপ্পী জ্বরে আক্রান্ত হলে তাকে দীনা ইসলামের বাসায় দিয়ে আসেন নুরুল ইসলাম। এর জন্য তিনি ১০ হাজার টাকা দাবি করেন। দীনা ইসলাম ৮ অক্টোবর রাতে টাকা দেওয়ার প্রতিশ্র"তি দেন।
সে অনুযায়ী নূরুল ইসলাম ৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় তার সোর্স মহিউদ্দিনকে দীনা ইসলামের বাসায় টাকা আনতে পাঠান। দীনা ইসলাম এক হাজার টাকা মহিউদ্দিনের কাছে দেন। এতে ক্ষুব্ধ হয়ে নূরুল ইসলাম মোবাইল ফোনে তাকে গালিগালাজ করেন। দীনা ইসলাম টাকা নেওয়ার জন্য রাত ১০ টায় মহিউদ্দিনকে আবার পাঠাতে বলেন।
এর মধ্যে দীনা ইসলাম গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। রাত ১০ টার দিকে সোর্স মহিউদ্দিন টাকা আনতে গেলে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে।
খিলগাঁও থানায় মহিউদ্দিনকে পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে তিনি নূরুল ইসলামের পক্ষে টাকা আনতে যাওয়ার কথা স্বীকার করেন।
এ ঘটনায় সোমবার রাতেই দীনা ইসলাম উপপরিদর্শক নূরুল ইসলাম এবং সোর্স মহিউদ্দিনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলায় দুজনকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়।
২ অক্টোবর ৩টি সোনার বারসহ একজন চোরাচালানকারীকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে মিরপুর থানার দুই উপপরিদর্শক ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ঘুষ নেওয়ার অভিযোগে মতিঝিল ও উত্তরা থানার দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/টিএইচ/এমএসবি/২৩০৬ ঘ.
bdnews24