ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে এ মামলায় ৩১ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ৩১ মার্চ আখতার দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারি পরিচালক মাহাবুবুল আলম বাদি হয়ে উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, আসামি আখতার হোসেন ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৮'শ ৯৫ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। একই সঙ্গে তিনি কমিশনের দাখিল করা সম্পত্তির বিবরণীতে ৭৯ লাখ ৭২ হাজার ৮'শ ৯৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। আর আসামিকে এ কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী নাজনীন আখতার।
২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়ে ফিরে আসার পথে কমিশনের প্রধান ফটকের কাছে থেকে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে। তার স্ত্রী পলাতক রয়েছেন।
এর আগে গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় আখতার হোসেনের নামও ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৬১৭ঘ.
bdnews24