ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস ও জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পেয়েছে সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমিটি কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন অফিস সহকারী ও একজন গাড়ি চালককে প্রত্যাহারের সুপারিশ করেছে। তারা বলেছে, বিভিন্ন অনিয়মের কারণে কুয়ালালামপুরে বাংলাদেশী শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং এর জের ধরে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি বন্ধ করে দেয় মালয়েশীয় সরকার।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী এসব কথা জানান।
কুয়ালালামপুরে বাংলাদেশের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশী শ্রমিকদেরকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। এ কারণে গত ৩ অক্টোবর দেশটির মন্ত্রিসভা মালয়েশীয় চাকরিদাতা ও বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে তৈরি হওয়া সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নতুন শ্রমিক আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।"
পররাষ্ট্র এবং জনশক্তি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. ইফতেখার বলেন, মালয়েশীয় চাকরিদাতা ও জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের কর্মপদ্ধতিতে পরবর্তন আনতে হবে।
সংবাদ সম্মেলনে জনশক্তি ও প্রবাসী কল্যাণ সচিব আবদুল মতিন চৌধুরী জানান, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এক লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়ে সরকারের নির্দেশ লঙ্ঘন করেছে। মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে তারা সর্বোচ্চ ৮৪ হাজার টাকা করে নিতে পারে।
অবশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জনপ্রতি আড়াই লাখ টাকা করেও নিচ্ছে।
ড. ইফতেখার আহমেদ বলেন, কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে পড়া সাতশ শ্রমিককে ফেরত পাঠানোর কথা থাকলেও অন্য কোম্পানি চাকরির সুযোগ দেওয়ায় তাদের আর ফিরে আসতে হচ্ছে না।
মালয়েশীয় সরকার বাংলাদেশী শ্রমিক আমদানির ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার করে নেবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
মালয়েশিয়া সরকার ১৯৯৯ সালে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ওপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দেয়। এর প্রায় সাত বছর পর ২০০৬ সালে তারা বাংলাদেশ থেকে নতুন করে তিন লাখ ৪৭ হাজার শ্রমিক আমদানির বিষয়টি অনুমোদন করে। এর মধ্যে এ পর্যন্ত এক লাখ ৯২ হাজার পাঁচশ শ্রমিক পাঠানো হয়েছে।
মাসের পর মাস বকেয়া বেতন-ভাতা না পাওয়া, নিম্নমানের খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর বাসস্থানে রাখায় কয়েকশ শ্রমিক গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ ও অনশন শুরু করে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওই স্থান থেকে সরিয়ে দেয় ও কিছু শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠায়।
অন্যদিকে একই সময়ে কুয়ালালামপুরে পৌঁছানোর পর চাকরিদাতা ও স্থানীয় এজেন্টরা নিতে না আসায় কয়েকশ বাংলাদেশী শ্রমিক বিমানবন্দরে আটকা পড়ে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জনশক্তি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল মালয়েশিয়া পাঠায় সরকার। প্রতিনিধি দলটি গত ২২ সেপ্টেম্বর দেশে ফিরে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর কাছে তাদের পে্রিিতবদন দেয়।
জনশক্তি ও প্রবাসী কল্যাণ সচিব আবদুল মতিন চৌধুরী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনিয়ম করায় চারটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও আরও ছয়টির ব্যাংক আমানত জব্দ করা হয়েছে।
সচিব বলেন, শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কেউ এর আগে অভিযোগ করেনি। মন্ত্রণালয়কে এ বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।
তিনি বলেন, মালয়েশিয়ার সরকার আমাদের আশ্বস্ত করেছে, এখন থেকে দেশটির চাকরিদাতারা ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দর থেকে শ্রমিকদের নিয়ে যাবে। তবে এটি না হলে শ্রমিকদের প্রথমে একটি ক্যাম্পে রাখা হবে এবং ৭২ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
কেউ ফেরত আসলে রিক্রুটিং এজেন্টকে তার টাকা ফেরত দিতে হবে বলে জানান জনশক্তি সচিব।
প্রসঙ্গত, দ্রুত শিল্পায়নের কারণে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের চাহিদা খুব বেশি। দেশটিতে এখন প্রায় ২৭ লাখ বিদেশি শ্রমিক বৈধভাবে কাজ করছে। এদের অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক। আরও কয়েক লাখ বিদেশি শ্রমিক মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও তাদের কোনো বৈধ কাগজপত্র নেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসএনডি/এমএ/১৮৫৬ঘ.
bdnews24