ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরও ৫৫ জনের ব্যাংক হিসাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে ৯ জনের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এ তালিকায় শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্য এবং হাওয়া ভবনের কর্মকর্তাদের নাম রয়েছে।
ইতোমধ্যেই এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে এ সংক্রান্ত দুটি তালিকা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এটা ধারাবাহিক প্রক্রিয়া। এটি নতুন কিছু নয়।"
৫৫ জনের আয়ের উৎস এবং কর ফাঁকির ঘটনা তদন্ত করার জন্য ব্যাংক হিসাবের তথ্য চেয়ে গোয়েন্দা সেল বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে।
চিঠিতে আগামী সাত দিনের মধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য এনবিআরে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া তাদের একক বা যৌথ নামে পরিচালিত চলতি, সঞ্চয়ী, মেয়াদি আমানত, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ভল্ট বা লকারে রাখা সম্পদ, সঞ্চয়পত্রসহ অন্য যেকোনো ঋণ ও সঞ্চয়ী উপকরণের তথ্য জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে যাদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে তাদের হিসাব থেকে সব ধরনের টাকা তোলা, স্থানান্তর করা ও স্থগিত করার কথাও বলা হয়েছে।
চিঠি পাওয়ার পর পরই বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার ৯ জনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে এবং যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের হিসাবের তথ্য চেয়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে চিঠি দিয়েছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব চেয়েছিল এনবিআর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৩৪০ঘ.
bdnews24