২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বোমা হামলা মামলায় জেএমবিকে দায়ী করে অভিযোগপত্র

ময়মনসিংহ শহরের চারটি সিনেমা হলে ২০০২ সালে বোমা হামলায় জেএমবির তিন জঙ্গিকে দায়ী করে সোমবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে মামলার আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান ও বার্তাসংস্থা রয়টার্সের তখনকার প্রদায়ক সাংবাদিক এনামূল হক চৌধুরীসহ ৪৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ময়মনসিংহ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরের চারটি সিনেমা হলে ২০০২ সালে বোমা হামলায় জেএমবির তিন জঙ্গিকে দায়ী করে সোমবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে মামলার আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান ও বার্তাসংস্থা রয়টার্সের তখনকার প্রদায়ক সাংবাদিক এনামূল হক চৌধুরীসহ ৪৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। হামলার পাঁচ বছর পর ময়মনসিংহ অঞ্চলের গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম সোমবার ময়মনসিংহের এক নম্বর আমলি আদালতে চারটি মামলায় আটটি অভিযোগপত্র দাখিল করেন। বিস্ফোরক আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এসব অভিযোগপত্র দেওয়া হয়। এতে অভিযুক্তরা হল, জেএমবির আঞ্চলিক কমান্ডার- নারায়ণগঞ্জের সালাউদ্দিন ওরফে সালেহীন, জামালপুরের জাহিদুল ইসলাম ওরফে মিজান ও ঠাকুরগাঁওয়ের আনোয়ার হোসেন ওরফে শহীদ। এদের মধ্যে সালাউদ্দিন ছাড়া অন্য দুজন এখনো পলাতক। এছাড়া আরও দুই জঙ্গিকে পুলিশ সনাক্ত করতে না পারায় অভিযোগপত্রে তাদের নাম আসেনি। সিআইডি ময়মনসিংহ জোনের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে সালাহউদ্দিন বলেছিল মাসুদ ও কামাল নামে আরও দুজন বোমা হামলার সঙ্গে জড়িত। কিন্তু তাদের আর কোনো পরিচয় বা ঠিকানা সে জানাতে পারেনি। মাসুদ ও কামাল তাদের প্রকৃতপক্ষে তাদের সাংগঠনিক নাম। আমাদের অনুমান, তারা টাঙ্গাইলের বাসাইল অথবা ঘাটাইল এলাকার বাসিন্দা।" ভবিষ্যতে ওই দুজনকে সনাক্ত বা গ্রেপ্তার করা গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান রফিকুল ইসলাম। ২০০২ সালের ৭ ডিসেম্বর ঈদুল ফিতরের পরদিন সন্ধ্যায় আধঘণ্টার ব্যবধানে শহরের অজন্তা, ছায়াবাণী, অলকা ও পূরবী সিনেমা হলে বোমা বিস্ফোরণ হয়। এতে শিশু ও নারীসহ ১৭ জন নিহত ও কমপক্ষে ৭৩ জন আহত হন। ঘটনার পর কোতোয়ালি থানায় চারটি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান ও রয়টার্সের তখনকার প্রদায়ক সাংবাদিক এনামূল হক চৌধুরীসহ বিভিন্ন সময়ে সর্বমোট ৪৩ জনকে টিএফআই সেলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ছয় বার তদন্ত কর্মকর্তা বদলের পর ২০০৫ সালের ১৫ নভেম্বর সিআইডি ময়মনসিংহ জোনের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম মামলাটি তদন্তের দায়িত্ব পান। এর কয়েকদিন পরই ঢাকায় খিলক্ষেত এলাকায় নুরুল ইসলাম উজ্জ্বল নামে জেএমবির এক সদস্য গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল বোমা হামলার সঙ্গে জেএমবির জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর একই বছরের ১৫ ডিসেম্বর জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা আব্দুল আউয়াল গ্রেপ্তার হলে তার কাছ থেকে ময়মনসিংহে বোমা হামলায় সালাহউদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা জানা যায়। এর একবছর পর ৭ মে চট্টগ্রামের পাহাড়তলিতে গ্রেপ্তার হয় সালাউদ্দিন। আদালতে দেওয়া জবানবন্দিতে সালাউদ্দিন বোমা হামলার কথা স্বীকার করে জানায়, চলচ্চিত্রে অশ্লীলতা বন্ধের জন্যই চারটি সিনেমা হলে তারা হামলার সিদ্ধান্ত নিয়েছিল। ময়মনসিংহ শহরের আনন্দ মোহন সরকারি কলেজের খুব কাছের একটি বাড়িতে শহীদ, মিজান, মাসুদ ও কামালসহ পাঁচজন বোমাগুলো তৈরি করে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় নইমউদ্দিন, কামাল, শাহরুল ইসলাম ওরফে এমরান, সুমন, সজীব, মাহমুদা খাতুন, তপন, শফিকুল ইসলাম, হযরত আলী, কাইল্যা, লীলা খাতুন, জাহাঙ্গীর, দীলিপ, মিজানুর রহমান ওরফে মন্টু, মলই, আনোয়ার হোসেন ওরফে মাসুদ ও নিখিল নিহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১১৬ ঘ.