ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে ফেরত পাঠানো শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে নাইমুল ইসলাম তাজ, সোহেল ইব্রাহীম ও বিপ্লব ওরফে লম্বু সেলিমকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সিআইডি পরিদর্শক মো. আজিজুল হক তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মো. আজিজুল হক আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, জরুরী বিধিমালার আওতায় আটক ওই তিনজন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সহযোগী। বাংলাদেশে থাকাকালে হত্যা, রাহাজানি, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা। সরকার শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রকাশের পর তারা ভারতে আত্মগোপন করে। ভারত সরকারের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ওই তিন সন্ত্রাসীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারের পর ভারতীয় কর্তৃপক্ষ রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে। রাতেই তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
ওই তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৮৩৫ ঘ.
bdnews24