২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক কারাগারে

সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারা) আসনের সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 06:13 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

সিলেট, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারা) আসনের সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর জল্লার পাড়ে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল করে বেরিয়ে আসার পথে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর সন্ধ্যায় তাকে জেলা প্রথম আমলি আদালতে নেওয়া হলে ম্যাজিস্ট্রেট আবদুল মালেক সাবেক এই সাংসদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মানিককে জরুরি বিধিমালার আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শিবলী। এর আগে বিকেলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।" গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন সাত কার্যদিবসের মধ্যে মানিকের সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দেয়। সোমবার ছিল হিসাব বিবরণী দাখিলের শেষ দিন। দুর্নীতি দমন কমিশনের সিলেট কার্যালয়ের উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করে কমিশন কার্যালয় থেকে মানিক বেরিয়ে যান। দেশে জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সন্দেহভাজন দুর্নীতিবাজদের যে প্রথম তালিকা প্রকাশ করেছিল, তাতে মুহিবুর রহমান মানিকের নাম ছিল। ১৯৯৯ সালের ১৫ মার্চ সাংসদ থাকার সময় ছাতকে মানিকের বাসায় বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়। অভিযোগ রয়েছে, বাসায় বসেই বোমাগুলো বানানো হচ্ছিল। বোমা বিস্ফোরণের দুই মাস পর পুলিশ মানিককে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০০৪ সালের ৯ অক্টোবর ওই মামলার রায়ে সিলেট দ্রুত বিচার আদালতের বিচারক মানিককে ১০ বছর কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে মানিক উচ্চ আদালতে আবেদন করেন। ২০০৬ সালে উচ্চ আদালত তাকে ওই মামলায় খালাস দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/এমএআর/এসএনডি/১৯৪৬ ঘ.