ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমঝোতার মাধ্যমে দেশে ফেরত পাঠানো তিন সন্ত্রাসী বলেছে, তারা ভারতে থাকার সময় নিয়মিত দেশে যোগযোগ রাখত। নতুন পাসপোর্ট করে মাঝে মাঝে তারা দেশে আসা যাওয়াও করতো। পরিবারের সঙ্গেও ছিল নিয়মিত যোগাযোগ।
ইবরাহিম, হাবিবুর রহমান তাজ ও মো. সেলিম ওরফে লম্বু সেলিম নামের এ তিনজন রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছে।
এ প্রথম বাংলাদেশি কোন সন্ত্রাসীকে ফেরত পাঠালো ভারত।
ভারতীয় কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট দিয়ে রোববার দুপুরে ওই তিন সন্ত্রাসীকে বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপকমিশনার আব্দুল্লাহ আরেফের নেতৃত্বে সিআইডির একটি দল রাতে তাদের ঢাকায় নিয়ে আসে।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে সিআইডি'র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি করা হয় তাদের।
তিনজনই সাংবাদিকদের জানায়, তারা যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। র্যাবের ক্রসফায়ার আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আত্মগোপন করেছিল।
এদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বহুল আলোচিত ওয়ার্ড কমিশনার নিউটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছাত্রদলের নেতা হাবিবুর রহমান তাজ কাফরুলের কলেজ ছাত্র মমিন হত্যাার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। লম্বু সেলিমের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
তাজ জানায়, সে ১৬ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি ছিল। শিকার হয়েছে নোংরা রাজনীতির। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে কাফরুল থানায় ৮/১০টি মামলা হয়েছে। র্যাব আসার পর ভয়ে পাসপোর্টে নাম পরিবর্তন করে ভারতে পালিয়ে যায়। সেখানে নাইমুর রহমান নামে তাকে সবাই চিনত।
তাজ কলকাতার মমিনপুর এলাকায় বাস করতেন এবং সেখানে কাপড়ের ব্যবসা ছিল। পাসপোর্টে তথ্যের গরমিলের অভিযোগে গত ১৪ মার্চ তাকে গ্রেফতার করা হয়। তার দাবি, মমিন হত্যার সময় সে ভারতে ছিল। তাকে ষড়যন্ত্রমলূকভাবে এ মামলায় জড়ানো হয়েছে।
ইব্রাহিম জানায়, সে ছিল ১৫ নংওয়ার্ডের যুবদলের সম্পাদক। র্যাব নামার পর ক্রসফায়ারের ভয়ে সাড়ে ৩ বছর আগে জালিয়াতি করে সে ভারতে চলে যায়। পার্সপোর্ট করে মাঝে মধ্যে দেশে আসা যাওয়া করত। তার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। কলকাতার ইকবালপুরে থাকতো সে। তারও ছিল কাপড়ের ব্যবসা। সেখানে তার নাম ছিল সোহেল। গত ১৪ মার্চ তাকে গ্রেফতার করা হয়।
লম্বু সেলিম জানায়, সাড়ে ৩ বছর আগে জালিয়াতি করে ভারতে পালিয়ে যায় সে। সেখানে তার নাম ছিল বিপ্লব। তারও ছিল কাপড়ের ব্যবসা। গত ৩০ মে ভারতের মমিনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির উপকমিশনার আব্দুল্লাহ আরেফ সাংবাদিকদের বলেন, "জোট সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় এদের নাম নেই। তবে রাজধানীর ১০০ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে এদের নাম রয়েছে। তেজগাঁ এলাকার বাসিন্দা হলেও মিরপুর, পল্লবীতেও নানা অপরাধ ঘটিয়েছে তারা।"
আব্দুল্লাহ আরেফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ তিন সন্ত্রাসীকে পুশব্যাক করিয়েছি। বাংলাদেশের ইতিহাসে ভারত থেতে কোনো সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনার ঘটনা এটাই প্রথম।"
এ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা ছিল বলে আব্দুল্লাহ আরেফ জানান।
আব্দুল্লাহ আরেফ জানান, গত ছয় মাসের মধ্যে বিভিন্ন সময়ে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তুলে দেয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজাও হয়।
তিনি বলেন, "এর পর পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে তারা পুশব্যাক করার কথা জানায়। এতে রাজি হলে গ্রেপ্তারকৃতদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরই এক প্রকার আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠানো হলো।"
ফেরত পাঠানো তিন সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। তারা সবাই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এদের মধ্যে তাজ অন্যতম শীর্ষ। কাফরুলে কলেজছাত্র মোমিন হত্যা মামলার অভিযুক্ত মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকের ছত্রছায়ায় থেকে তাজ একের পর এক হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভারতে গ্রেপ্তার হওয়ার আগে সেখানে বসেই এ তিন জন বাংলাদেশের নানা ধরনের সন্ত্রাসী তৎপরতায় মদদ যোগাতো বলে সিআইডি কর্মকর্তা আব্দুল্লাহ আরেফ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএইচবি/০২০৭ ঘ.
bdnews24