২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সিরিজ বোমা মামলায় দু জঙ্গির কারাদণ্ড

সুনামগঞ্জে ২০০৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় দায়ের করা দুটি মামলায় জেএমবির দু জঙ্গিকে পৃথকভাবে প্রতিটি মামলায় ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া প্রতিটি মামলায় প্রত্যেককে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 07:07 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে ২০০৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় দায়ের করা দুটি মামলায় জেএমবির দু জঙ্গিকে পৃথকভাবে প্রতিটি মামলায় ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া প্রতিটি মামলায় প্রত্যেককে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। রোববার সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক দীপ্যমান সরকার এ দুটি মামলার রায় একসঙ্গে ঘোষণা করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন- শায়খ আবদুর রহমানের দেহরক্ষী আবদুল আজিজ ওরফে হানিফ ও সালাউদ্দিন ওরফে সালেহীন। এরা দুজনই এখন সিলেট কারাগারে আছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগষ্ট সুনামগঞ্জের জজ কোর্ট এলাকা ও শহীদ মিনার প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। জজ কোর্ট চত্বরে হামলার ঘটনায় সুনামগঞ্জ কালেক্টরেটের কর্মকর্তা নূরুল ইসলাম এবং শহীদ মিনার প্রাঙ্গণে হামলায় সুনামগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কমিশনার নুরুল ইসলাম বজলু ১৮ আগস্ট অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। ২০০৬ সালের ২ মার্চ সিলেটে জেএমবির শীর্ষ জঙ্গি শায়খ আব্দুর রহমানের সঙ্গে আবদুল আজিজ ও সালাউদ্দিন আটক হন। পরবর্তীতে এ দুজন সুনামগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাজেরা খাতুনের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ সিরিজ বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১০০ ঘ.