ঢাকা, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার কর্তৃক স্বীকৃত কোনো মহৎ কাজে দান করার ক্ষেত্রে এখন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কোন কর দিতে হবে না। এতোদিন এর সীমা ছিল আড়াই লাখ টাকা।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান এ তথ্য জানিয়ে বলেন, ''আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ৪৪ এর উপধারা ৩ এ কয়েকটি খাতে একটি নির্দিষ্ট পরিমান বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াত সুবিধা দেওয়ার বিধান রয়েছে। এতোদিন এ সব খাতে দুই লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা হলে কর রেয়াত সুবিধা দেওয়া হতো। এখন তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হচ্ছে।''
তিনি জানান, সরকারি বিভিন্ন তহবিলে চাঁদা, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য ফান্ডে অনুদান, সরকার অনুমোদিত হাসপাতাল বা দাতব্য চিকিৎসালয়সহ এ ধরনের আরও কয়েকটি খাতে দান বা বিনিয়োগ করলে কর রেয়াত সুবিধার বিধান রয়েছে।
জানা গেছে, দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত এক প্রঞ্জাপন জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)। ইতিমধ্যে অর্থ উপদেস্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ ব্যাপারে অনুমোদন দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24