২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে বেতন দেওয়ার অবস্থায় নেই অনেক কারখানা: বিজিএমইএ সভাপতি

তৈরি পোশাক শিল্পের খারাপ অবস্থার চিত্র তুলে ধরে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার মত অবস্থায় নেই অনেক কারখানা মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 06:01 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পের খারাপ অবস্থার চিত্র তুলে ধরে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার মত অবস্থায় নেই অনেক কারখানা মালিক। তিনি বলেন, "আমরা জানি বেশ কিছু কারখানার অবস্থা খুবই খারাপ। তাদের শ্রমিকদের বোনাস তো দূরে থাক, বেতন দেওয়ারই কোনো অবস্থা নেই। এ সব কারখানা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।'' এ কারণে রপ্তানি আয়ের প্রধান এ খাতটি আবার অশান্ত হয়ে উঠতে পারে বলেও বিজিএমইএ সভাপতি তার আশঙ্কার কথা জানিয়েছেন। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজিএমইএ'র এক ইফতার অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ''সামনের কয়েকটা দিন আমাদের জন্য খুবই কঠিন সময়। আমরা ইতিমধ্যে সব গার্মেন্ট মালিককে ঈদের আগে শ্রমিকদের বেতন- বোনাস দিয়ে দিতে বলেছি। কিছু কারখানায় বেতন- বোনাস দেওয়া হয়েছে।" ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বিজিএমইএ সভাপতি জানান, গত কয়েক মাসে ক্রয় আদেশ কমে যাওয়ায় তৈরি পোশাক কারখানাগুলোর অবস্থা খারাপ। অনেক কারখানা নিয়মিত বেতন-ভাতা দিতে পারছে না বলেও তিনি জানিয়েছে। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, "বাস্তবতা হচ্ছে ব্যাংকের সহযোগিতা ছাড়া অনেক মালিকই ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করতে পারবে না। এ জন্য আজ (সোমবার) বিকেলে আমরা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠক করেছি। আশা করছি এ বৈঠকে ইতিবাচক ফল পাওয়া যাবে।'' তিনি জানান, ঈদের আগে বেতন ভাতা পরিশোধের জন্য বিজিএমইএ'র পক্ষ থেকে ব্যাংকগুলোকে ছয় মাসের জন্য কম সুদে ঋণ দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। বিজিএমইএ সভাপতি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেও তারা সহযোগিতা চেয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/২৩৪৩ ঘ.