মৌলভীবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবন নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে ১২টি রকেট সেল পাওয়া গেছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।
শমশেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শমশেরনগর কাঁচা বাজারে ঢাকার মেসার্স নাসের আহমদ অ্যান্ড কোং একটি ভবন নির্মাণ করছে। ভবনের পেছনে টয়লেট নির্মাণের জন্য রোববার দুপুর ১টার দিকে গর্ত খুঁড়লে রকেটগুলো পাওয়া যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, রকেটগুলো দেখে তিনি কমলগঞ্জ থানায় খবর দেন। পরে সেখান থেকে পুলিশ এসে এগুলো উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রকেটগুলো থানায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি রকেটের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি।
উদ্ধারকৃত রকেট সেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছেন শাহজাহান আহমেদ।
তিনি বলেন, "যে স্থানে রকেটগুলো পাওয়া গেছে সেখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল। এখানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধও হয়েছিল।"
রকেট সেলগুলো কার্যকর আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে শাহজাহান আহমেদ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯২৪ ঘ.
bdnews24