খুলনা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রূপসা উপজেলার ভবানীপুর গ্রামে শনিবার রাতে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ভবানীপুর গ্রামের কয়েকটি বাড়িতে ডাকাতি করে দলটি রূপসা ফিরছিল। ওই সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে জামাল শেখ (৩৭), শহীদুল (৪০), খলিল (৩৬), খোকন (৪০), কাজল বয়াতি (৩৬) ও শহীদ শেখ (৩৭)।
ডাকাতদের কাছ থেকে একটি বাইসাইকেল, দুইটি মোবাইল সেট, একটি চার্জার লাইট, স্বর্ণালংকার ও নগদ চার হাজার টাকা পাওয়া যায় বলে আযম খান জানান।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকায় পলাশ মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ভারতীয় ওষুধ আটক করে।
রোববার গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় দোকান মালিক পলাশ (২২) ও কর্মচারী মাসুদকে (২৫) আটক করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০২ ঘ.
bdnews24