ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির তালিকাভূক্ত কোন ব্যক্তি চাইলে ট্রুথ কমিশনের সুবিধা নিতে পারবে বলে জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
দেশের 'অর্থনীতির স্বার্থে' অপরাধ স্বীকার করলে অন্যায়কারী ব্যবসায়ীদের কারাদন্ডের বদলে জরিমানার মাধ্যমে অপরাধের দায় থেকে রেহাই দেওয়ার লক্ষ্যে সরকার ট্রুথ কমিশন গঠনের কথা ভাবছে। কিন্তু শুধু ব্যবসায়ীদের এ সুযোগ দেওয়ার প্রস্তাব হওয়ায় এর মাধ্যমে পক্ষপাতিত্ব হচ্ছে কিনা এ প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।
তথ্য উপদেষ্টা এ প্রসঙ্গে রোববার বলেন, "দেশের স্বার্থেই সরকার ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে আইন যেহেতু সবার জন্য সমান তাই ব্যবসায়ীদের পাশাপাশি বর্তমানে দুর্নীতির তালিকাভূক্ত কোন ব্যক্তি চাইলেও এ সুবিধা নিতে পারবেন।"
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মইনুল হোসেন বলেন, ট্রুথ কমিশন গঠনের বিষয়টি এখনও পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে। এর গঠন প্রক্রিয়া কি হবে সে বিষয়ে পরিপূর্ণ চিত্র এখনই দেওয়া সম্ভব নয়। এজন্য সবার কাছ থেকে প্রস্তাবও নেওয়া হচ্ছে। এই প্রস্তাবগুলো পরীক্ষা নিরীক্ষা করে ট্রুথ কমিশন গঠন করা হবে বলে জানান উপদেষ্টা ।
ট্রুথ কমিশন গঠন করার ঘোষণা দেওয়ার পর ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানান মইনুল হোসেন।
উপদেষ্টা আরও বলেন, "সরকার চায় ব্যবসায়ীরা যেন সবরকম ভয়ভীতির উর্দ্ধে থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান। সরকার কাউকে শত্র" মনে করে না। যারা অপরাধ করেছে কেবল তারাই শাস্তি পাবে। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই সরকার কাজ করে যাচ্ছে।"
সীমান্ত পথে সার ও ডিজেল পাচার হওয়ার অভিযোগ প্রসঙ্গে মইনুল হোসেন বলেন, "দেশে সারের কিছুটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। তবে সীমান্ত দিয়ে সার ও ডিজেল পাচার হয়ে যাচ্ছে এ কথা ঠিক নয়। অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণেই এ সংকট সৃষ্টি হয়েছে।"
সীমান্ত পথে সার ও ডিজেল পাচার রোধে বিডিআরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৪১৫ঘ.
bdnews24