চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রমিক নির্যাতনের ঘটনায় রোববার চট্টগ্রাম বন্দর এলাকায় একটি গার্মেন্টসে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
পতেঙ্গায় চট্টগ্রাম ইপিজেডের কাছে বন্দর নিটিং প্রাইভেট লিমিটেড নামে ওই পোশাক কারখানার সাহেদা, লাভলী, আব্বাসসহ বেশ কয়েকজন শ্রমিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কাজে ভুল ধরে শুক্রবার দুপুরে মজিবুর নামে এক শ্রমিককে স্টোর রুমে আটকে মারধর করে প্রডাকশন ম্যানেজার আবু তাহেরসহ কয়েকজন কর্মকর্তা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মালিকপক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শনিবার শ্রমিকরা কাজে যোগ দেয়।
চিকিৎসাধীন মজিবুর মারা গেছে বলে রোববার সকালে গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা কারখানা ভাংচুর করে এবং মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে। ওই সময় মামুন নামে এক কর্মকর্তাকে(সুপারভাইজার) মারধর করে শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, মজিবুরকে মারধরের ঘটনায় মামুনও জড়িত ছিলেন।
ওই কারখানায় দুপুর পর্যন্ত কাজ বন্ধ ছিলো। শ্রমিকরা রাস্তা অবরোধ করতে চাইলে পুলিশের বাধায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে আছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আহত শ্রমিক মজিবুর হেলথ কেয়ার নামে একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩০৭ ঘ.
bdnews24