ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হককে রোববার বিকেলে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় ঈদগাহে তার জানাজা হয়।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা ডা. মতিউর রহমান, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান সারওয়ার জাহান নিজাম, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং বিশিষ্ট আলেম ও বিভিন্ন পেশাজীবীরা জাতীয় ঈদগাহে জানাজায় অংশ নেন।
জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্তানে দাফন করা হয়।
খতিব মাওলানা উবায়দুল হক শনিবার রাত সোয়া ১১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তার ছেলে শহীদুল হক সাংবাদিকদের বলেন, "তিনি (উবায়দুল হক) দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল।"
উবায়দুল হক ১৯২৮ সালে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামে জন্ম নেন। তার বাবার নাম মাওলানা জহুরুল হক।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মো. ফজলুর রহমান রোববার রাতে সাংবাদিকদের জানান, বায়তুল মোকাররম মসজিদের পরবর্তী খতিব কে হবেন সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৭১৩ ঘ.
bdnews24