২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাৎ মামলায় তরিকুলের স্ত্রী-ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র

ত্রাণের টিন আত্মসাৎ মামলায় জোট সরকারের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস ইসলাম, ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শ্যালক শরফুদ্দৌলা ছোটলুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

যশোর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাৎ মামলায় জোট সরকারের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস ইসলাম, ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শ্যালক শরফুদ্দৌলা ছোটলুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। শনিবার যশোরের জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এ অভিযোগপত্র দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক মুরসালিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের 'আস্থা' এনজিও কার্যালয় থেকে গত ১ মার্চ ২২ পিস ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী। পরদিন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম 'আস্থা'র উপদেষ্টা তরিকুলের স্ত্রী ও পরিচালনা পর্ষদের সদস্য অনিন্দ্য ও শরফুদ্দৌলাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তিনি জানান, মামলার তদন্তে তরিকুল পরিবারের তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১২৩ ঘ.