২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ইউএমসি পাটকলে ভাঙচুর, উৎপাদন বন্ধ

স্বেচ্ছায় অবসর নেওয়া শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে জেলা সদরের রাষ্ট্রায়ত্ত পাটকল ইউনাইটেড মেঘনা চাঁদপুর-ইউএমসিতে শ্রমিকরা শনিবার বিক্ষোভ করেছে। এ সময় তারা কারখানার মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকের কক্ষেও ভাঙচুর চালায়। এ ঘটনায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

নরসিংদী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্বেচ্ছায় অবসর নেওয়া শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে জেলা সদরের রাষ্ট্রায়ত্ত পাটকল ইউনাইটেড মেঘনা চাঁদপুর-ইউএমসিতে শ্রমিকরা শনিবার বিক্ষোভ করেছে। এ সময় তারা কারখানার মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকের কক্ষেও ভাঙচুর চালায়। এ ঘটনায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। রোববার শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) হারুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহসহ শ্রমিকদের ১০ সপ্তাহের বেতন বাকি। বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় এখন মিলের উৎপাদন বন্ধ আছে। তিনি বলেন, "রোববার সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রশাসনের সঙ্গে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের বৈঠকে সিদ্ধান্ত হবে তাদের কত সপ্তাহের বেতন দেওয়া হবে।" তিনি জানান, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে নরসিংদী সদর থানার পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিলের সিবিএ সভাপতি আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, সদ্য স্বেচ্ছায় অবসরে যাওয়া ৭৮৫ জন শ্রমিক-কর্মচারি চলতি সপ্তাহসহ ১০ সপ্তাহের বকেয়া বেতন ও অন্যসব ভাতা পরিশোধের দাবি জানালে মহাব্যবস্থাপক কৃষ্ণ দুলাল রায় এক সপ্তাহের মজুরি ও ভাতা দেওয়ার কথা জানান। এতে মিলের প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সব পাওনা পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। আনোয়ার হোসেন বলেন, "মিল কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.