রাজশাহী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগমারা উপজেলার সুজনপালসা গ্রামে শুক্রবার এসিড ছুড়ে বাবুল আক্তার (২৪) নামের এক যুবকের মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাগমারা সুজনপালসা গ্রামের বাবুল আক্তারের কাছ থেকে একই এলাকার একরামুল হক কিছু দিন আগে ১৫হাজার টাকা ধার নেয়। এই টাকা নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যার পর টাকা দেওয়ার কথা বলে বাবুলকে ডাকে একরামুল। এরপর একরামুলের বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা বাবুলের মুখে এসিড ছুড়ে মারে। এতে বাবুলের মুখ ঝলসে গেছে।
রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বাবুলের বাবা কুবাত আলী বাগমারা থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৩০ ঘ.
bdnews24