সাভার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের পোশাক কারখানা শান্তা ইন্ডাস্ট্র্রিজ লিমিটেডের শ্রমিকরা শনিবার বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে।
শান্তা ইন্ডাস্ট্র্রিজ লিমিটেডের শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দুই হাজার শ্রমিক তাদের এক মাসের বকেয়া বেতন, বোনাস ও ঈদের ছুটি বাড়ানোর দাবি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে যায়। কর্তৃপক্ষ তাদের দাবি মানতে অস্বীকার করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে। কর্মকর্তারা তাদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার সহকারি উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন, ঈদ বোনাস ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শান্তা ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বেলা সাড়ে ১২ টার দিকে কাজে ফিরে যায়।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মাহমুদ ইসলাম বলেন, "শ্রমিকরা ঈদে ১০ দিনের ছুটি চাইলে তাদের ৭ দিন ছুটি দেওয়া হয়েছে। ছুটির এই পরিমাণ ডিইপিজেডের অন্যান্য কারখানার তুলনায় একদিন বেশি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৯২৭ ঘ.
bdnews24