২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট কালোবাজারির দায়ে রেলের দুই কর্মচারী বরখাস্ত, সাংবাদিক লাঞ্ছিত

কমলাপুর রেল স্টেশনে টিকেট কালোবাজারির সময় র‌্যাবের কাছে হাতেনাতে ধরা পড়ে শনিবার সাময়িক বরখাস্ত হয়েছেন রেলেরই দুই কর্মচারী। এ দুই কর্মচারীর সাক্ষাৎকার নেওয়ায় তাদের সহকর্মীরা লাঞ্ছিত করে রেডিও টুডের প্রতিবেদক আনোয়ার হককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কমলাপুর রেল স্টেশনে টিকেট কালোবাজারির সময় র‌্যাবের কাছে হাতেনাতে ধরা পড়ে শনিবার সাময়িক বরখাস্ত হয়েছেন রেলেরই দুই কর্মচারী। এ দুই কর্মচারীর সাক্ষাৎকার নেওয়ায় তাদের সহকর্মীরা লাঞ্ছিত করে রেডিও টুডের প্রতিবেদক আনোয়ার হককে। আটক কর্মচারী হচ্ছেন, কন্ট্রোল সহকারী আলাউদ্দিন খান ও কন্টেইনার ডিপোর কর্মচারী সিরাজউদ্দৌলা। তাদের সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করেছেন রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তোফাজ্জল হোসেন। আনোয়ার হক টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে বহু মানুষ ঈদের অগ্রিম টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু কাউন্টার থেকে তাদের টিকেট শেষ হয়ে যাওয়ার কথা জানানো হয়। সকাল ১১টার দিকে কিছু মানুষ কমলাপুর স্টেশনে র‌্যাবের অভিযোগ কেন্দ্রে গিয়ে অভিযোগ করলে র‌্যাব কিছু টিকেটসহ হাতেনাতে দুই কর্মচারীকে আটক করে। তিনি বলেন, "আটক দুজনের সঙ্গে কথা বলে আমি যখন স্টেশন ব্যবস্থাপক সৈয়দ আবু আহমেদের মন্তব্য জানতে যাই তখন স্টেশন ব্যবস্থাপক কালোবাজারির বিষয়টি অস্বীকার করেন। আমি ওই দুইজনের স্বীকারোক্তিমূলক সাক্ষাতকার শোনালে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। পরে কক্ষ থেকে বের হওয়ার সময় কয়েকজন আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে।" এ সময় স্টেশন ব্যবস্থাপক কিছু দূরেই ছিলেন বলে জানান আনোয়ার হক। এ ঘটনায় তিনি জিআরপি থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করেছেন। এ বিষয়ে স্টেশন ব্যবস্থাপক সৈয়দ আবু আহমেদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যখন উনি লাঞ্ছিত হন তখন আমি ১৫ নম্বর কাউন্টারের সামনে ছিলাম। সেখান থেকে এসে দেখি অনেক লোক, সাংবাদিক সাহেবকে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনাটি আমি দেখেছি কিন্তু বুঝতে পারিনি। অনেক লোক ছিল তখন স্টেশনে। তাই বলতে পারছি না কারা এ ঘটনা ঘটিয়েছে।" এদিকে, রেলওয়ের কর্মচারিদের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রথম দফায় অস্বীকার করেন ডিআরএম তোফাজ্জল হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদেও কর্মচারীরা টিকেট কালোবাজারি করে এটা ঠিক না। একজন রেল কর্মচারী টিকেট কিনতে পারবে না এটা কোনো কথা না। সে হয়তো আত্মীয় স্বজনদের জন্য কিনতে পারে। কিন্তু সমস্যা হয়েছে সে লাইনে না দাঁড়িয়ে ভেতর থেকে টিকেট কিনেছে।" রেলের কর্মচারীরা বছরে ছয় সেট পাস পায় এবং প্রতি সেটে চারজন করে ভ্রমণ করতে পারে- এ বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর তিনি বলেন, "দেখুন আমরা সারাদিনে এখানে ২৫ হাজার টিকেট বিক্রি করতে পারি। সেখানে দুজন কালোবাজারি করতে পারে। আমরা বিষয়টা স্বীকার করে নিয়ে বলছি, বাংলাদেশের অন্য জায়গার তুলনায় এখানে অনিয়মের অনুপাতটা অনেক কম।" সাংবাদিক আনোয়ার হককে মারধরের বিষয়ে তিনি বলেন, "আমরা এটি দেখব। যদি আমাদের কোনো লোক ঘটনার সঙ্গে জড়িত থাকে তবে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএ/১৯১০ ঘ.