খুলনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর ফুলবাড়ীগেট রেল ক্রসিংয়ে শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন বাগেরহাটের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী ইকবাল হোসেন (৩২), তার ছোট ভাই গাজী আকবর হোসেন (৩০) ও তাদের ভাতিজা গাজী আল আসিফ (১৮)।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা জানান, খুলনা থেকে সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেন সকাল ১০ টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট রেল ক্রসিংয় অতিক্রম করে। গেটম্যান ট্রেন আসার আগেই বাঁশকল নামিয়ে দেয়। কিন্তু মোটর সাইকেল আরোহী ওই তিনজন বাঁশকল এড়িয়ে রেল লাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুপুরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ওই তিন জনের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24