২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমলো

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে ব্যাংকটির ওপর সরকারি নিয়ন্ত্রণ আগের চেয়ে কমেছে। অধ্যাদেশ সংশোধনীর ফলে গ্রামীণ ব্যাংক এখন থেকে তাদের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে পারবে। বর্তমানে ব্যাংকটির কার্যক্রম শুধু গ্রামাঞ্চলে রয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে শনিবার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, এ সংশোধনীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পরিষদে সরকারের মনোনীত সদস্য সংখ্যা তিনজনের পরিবর্তে দুজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে ব্যাংকটির ওপর সরকারি নিয়ন্ত্রণ আগের চেয়ে কমেছে। অধ্যাদেশ সংশোধনীর ফলে গ্রামীণ ব্যাংক এখন থেকে তাদের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে পারবে। বর্তমানে ব্যাংকটির কার্যক্রম শুধু গ্রামাঞ্চলে রয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে শনিবার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, এ সংশোধনীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পরিষদে সরকারের মনোনীত সদস্য সংখ্যা তিনজনের পরিবর্তে দুজন করা হয়েছে। এখন থেকে পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা থাকবে ব্যাংকের পরিচালনা বোর্ডের কাছে। এত দিন সরকার এ নিয়োগ দিত। এছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। এ সংশোধনীর মাধ্যমে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা থেকে ১০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার অব্যাহতির সীমা ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায় উন্নীত করা হয়েছে। করমুক্ত আয়সীমা অর্থাৎ দেড় লাখ টাকার নিচের আয়ের ব্যক্তিরা সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা আয় বাবদ উৎসে কর পরিষদের দায় থেকেও মুক্ত থাকবেন। অপরাপর উৎসে আয়সমেত দেড় লাখ টাকার বেশি আয়ের ব্যক্তিরা রিটার্ন দাখিলের মাধ্যমে তফসিলি হারে কর দেবেন। আইন সচিব, সমাজকল্যাণ সচিব ও পুলিশের মহাপরিদর্শককে এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলে অন্তর্ভুক্ত করে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করা হয় বৈঠকে। এ সংশোধনীর মাধ্যমে কাউন্সিলকে নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে টিএন্ডটি বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে উপদেষ্টাদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এসএনডি/এমএ/১৭০৫ ঘ.