পাবনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রুপপুর জামে মসজিদের ইমাম আয়ূব আলীকে মারধরের প্রতিবাদে শুক্রবার রাতে গ্রামবাসী মিছিল নিয়ে সদর থানা ঘেরাও করলে পুলিশ ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
পাবনা সদর থানার ওসি ইকবাল শফি জানান, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে আয়ূব আলীকে একদল যুবক মারধর করে। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় মালিগাছা ইউপি চেয়ারম্যান আশরাফ আলীর নেতৃত্বে গ্রামবাসী মিছিলসহ থানা ঘেরাও করে।
ওই ঘটনায় জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফ আলীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি ইকবাল জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬২৮ ঘ.
bdnews24