২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ওসমানী মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের ৬ ঘণ্টা ধর্মঘট পালন

এক রোগীর অভিভাবকের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (এসওএমসিএইচ) শিক্ষানবীশ চিকিৎসকরা শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছে। তাদের দাবি অনুযায়ী হাসপতাল কর্তৃপক্ষ দুর্ব্যবহারকারী ব্যক্তিকে পুলিশে সোপর্দ করলে চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সিলেট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এক রোগীর অভিভাবকের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (এসওএমসিএইচ) শিক্ষানবীশ চিকিৎসকরা শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছে। তাদের দাবি অনুযায়ী হাসপতাল কর্তৃপক্ষ দুর্ব্যবহারকারী ব্যক্তিকে পুলিশে সোপর্দ করলে চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। হাসপাতালের কর্মী ও রোগীরা জানান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ভাদেশ্বর গ্রামের সৈয়দ আবদুল গফুর শুক্রবার ভোর পাঁচটায় তার স্ত্রীকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করান। এ সময় রোগীর সঙ্গে সার্বক্ষণিক থাকা নিয়ে কর্তব্যরত শিক্ষানবীশ চিকিৎসক আসিফ ইকবালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষানবীশ চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন। আব্দুল গফুরকে পুলিশে দেওয়ার দাবিতে ধর্মঘটের ডাক দেয় তারা। আসিফ ইকবাল অভিযোগ করেছেন, কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল গফুর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সকাল আটটার দিকে ধর্মঘটী চিকিৎসকরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন। সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহ-ই আলম, উপ পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুন্নাহার হাসপাতালে যান। এ সময় ধর্মঘটী চিকিৎসকরা তাদের জানায়, দাবি মানা না হলে তারা অনির্দ্দিষ্টকালের ধর্মঘটে যাবে। বেলা সাড়ে ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষানবীশ চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসে। সিলেট কোতয়ালি থানা পুলিশের একটি দলও এই বৈঠকে উপস্থিত ছিল। বৈঠক শেষে আব্দুল গফুরকে পুলিশে সোপর্দ করার পর চিকিৎসকরা কাজে ফিরে যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহ-ই আলম বলেন, "শিক্ষানবিস চিকিৎসকরা দাবি জানিয়েছিল, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে আইনের আওতায় নিতে হবে। দাবি পূরণ হওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। হাসপাতালের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।" সিলেট কোতয়ালি থানার উপ পরিদর্শক আবদুল আহাদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আব্দুুল গফুর নামে এক ব্যক্তিকে তাদের হাতে সোপর্দ করেছেন। তবে তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। কোনো মামলাও হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৫ ঘ.