মৌলভীবাজার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের বর্মাছড়া চা বাগানের নৈশপ্রহরী লাড্ডু কন্দ হত্যা মামলার দুই আসামিকে পুলিশ শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে।
এরা হলেন, সিন্দুর খান ইউনিয়নের মন্দিরগাঁওয়ের ঠাণ্ডা মিয়া ও কুঞ্জবন গ্রামের আব্দুর রহিম। উভয় ব্যক্তিই চোরাই কাঠ ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
গত বুধবার রাতে বর্মাছড়া চা বাগানে কর্তব্যরত নৈশপ্রহরীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র গাছ চোররা। ওই সময় লাড্ডুকে কূপিয়ে হত্যা করা হয়। আহত হয় অপর পাঁচ প্রহরী। ওই ঘটনায় বৃহস্পতিবার চা বাগানের ব্যবস্থাপক হাসান তারিক ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আলী মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মন্দিরগাঁও ও কুঞ্জগ্রামে শুক্রবার অভিযান চালিয়ে ঠাণ্ডা মিয়া ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন দাবি করেছেন, ওই হত্যাকাণ্ডে এ দুজনের জড়িত থাকার যথেষ্ট তথ্য পাওয়া গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৭ ঘ.
bdnews24