ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি চুরির মামলায় তিন শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. শাহ আলম সরদারের আদালতে রবিন, সোহেল ও জীবন নামের এ তিন শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল লতিফ।
হাকিম আগামী ১৩ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
রবিন ও সোহেল তাদের মায়েদের সঙ্গে আদালতে হাজির হয়। অভিযোগপত্রে দুজনের বয়স ৯ বছর দেখালেও মায়েদের দাবি তাদের বয়স সাত।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের বিজলী মহল্লার দারুল সুন্নত মসজিদ মার্কেটে গত ১ আগস্ট রাতে সৈয়দ মো. সারোয়ার হোসেনের ভিডিও গেমসের দোকানে চুরি হয়।
পরদিন সকালে দোকানের সামনে সাত রবিন ও সোহেলকে পেয়ে সারোয়ার তাদেরকে আসামি করে মোহাম্মদপুর থানায় চুরির মামলা দায়ের করেন। পরে রবিন ও সোহেল আদালত থেকে জামিন পায়।
এজাহারে আরও তিন শিশুকে আসামি করা হয়।
রবিনের মা জরিনা ও সোহেলের মা জ্যোৎস্না বেগম বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান, অভিযোগপত্রে তাদের সন্তানদের বয়স ৯ বছর বলা হয়েছে। কিন্তু তাদের প্রকৃত বয়স হচ্ছে সাত।
তারা দাবি করেন, প্রকৃত আসামিদের আড়াল করার জন্য ভিডিও গেমসে খেলতে যাওয়া এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দুই শিশু নিজেরাই চুরি করেছে বলে স্বীকার করেছে। সংশোধনের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএ/২০১২ঘ.
bdnews24