ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং ড্যাব নেতা জেড এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে বুধবার কমিশনের দুজন সহকারী পরিচালক বাদি হয়ে রমনা থানায় পৃথক দুটি মামলা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক ফরিদা খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-৪ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন দুদকের সহকারি পরিচালক সৈয়দ আহমেদ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হাবিবুর রহমানের জমা দেওয়া বিবরণীর ব্যাপারে কমিশনের সন্দেহ হলে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বিবরণীতে উল্লেখিত কারখানা, ভবন ও বাড়িসহ প্রদর্শিত স্থাপনার মূল্য নিরূপণ করা হয়। সেখানে মোট সম্পদের প্রকৃত মূল্যের চেয়ে কম দেখানোর বিষয়টি ধরা পড়ে।
সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৯ লাখ ২৯ হাজার ৭৬৯ টাকার একটি বিলাসবহুল মিতসুবিশি ভি-সিক্স গাড়ির কথা হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়নি। এছাড়া হাবিব এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের নামে সিকিউরিটির ৯ লাখ বিশ হাজার ৭৪৬ টাকার তথ্যও তিনি গোপন করেছেন। কমিশন তদন্তে নিশ্চিত হয়, হাবিবুর রহমান মোট ২ কোটি ৩৬ হাজার ৫৪৮ টাকা অসাধু উপায়ে অর্জন করেছেন।
অপরদিকে দুদকের সহকারি পরিচালক নাসিরউদ্দিন আহমেদ বাদী হয়ে ড্যাবের মহাসচিব জেড এ জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। জাহিদ হোসেন তার বাসভবন ও স্ত্রীর নামে থাকা সম্পদসহ ১ কোটি ২ লাখ ২৮ হাজার টাকার সম্পদের হিসাব জমা দেন। কিন্তু কমিশনের কর্মকর্তারা পরে তদন্তে দেখতে পান, তিনি অবৈধভাবে ২ কোটি ১২ লাখ ৩৬ হাজার ৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২০০২ঘ.
bdnews24