ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার গভীর রাতে র্যাবের 'ক্রসফায়ারে' মানিক ওরফে কিলার মানিক (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত মানিক টিক্কাপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-২ এর একটি দল অস্ত্র উদ্ধারের জন্য মঙ্গলবার রাতে মানিককে নিয়ে চন্দ্রিমা মডেল টাউনের তিন নম্বর সড়কের এক নম্বর প্লটে যায়। এ সময় মানিকের সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মানিককে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মানিককে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
মোহাম্মদপুর র্যাব ক্যাম্পের উপ সহকারি পরিচালক মুজিবুল হক এ ঘটনায় একটি মামলা করেছেন।
উপ-পরিদর্শক আশরাফুজ্জামান জানান, র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত মানিকের বিরুদ্ধে মোহাম্মদপুর, গুলশান ও ধানমণ্ডি থানায় হত্যাসহ কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১৩৪ ঘ.
bdnews24