ঢাকা,অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৩টি সোনার বারসহ এক কথিত চোরাচালানিকে আটক করার পর মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার মিরপুর থানার চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত চার পুলিশ কর্মী হচ্ছেন দুই উপ-পরিদর্শক আসাদুজ্জামান ও শহিদুল ইসলাম এবং দুই কনস্টেবল শকমল হোসেন ও সবদার আলি।
মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এই চারজন উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে দোষ স্বীকার করেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিউদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যে ওই পুলিশ সদস্যদের কাছ থেকে সন্দেহভাজন ওই চোরাচালানির ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২৮ সেপ্টেম্বর ভোর বেলা ডিউটি না থাকা সত্ত্বেও এই চার পুলিশ কর্মী মিরপুর পলিটেকনিক্যাল মোড়ের কাছে নুর আলম নামে এক সন্দেহভাজন চোরাচালানিকে আটক করে। তার কাছ থেকে ৩টি সোনার বার উদ্ধার করা হয়। পরে তাকে থানায় না এনে দেড় লাখ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, এ ধরণের একটি সোনার বার সাধারণত ১০ ভরি ওজনের হয়ে থাকে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উর্দ্ধতন কর্মকর্তারা পরে বিষয়টি জানতে পারলে এ বিষয়ে তদন্ত চালানো হয়। তদন্ত করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২১১৫ঘ.
bdnews24