ঢাকা,০২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজে সুষ্ঠু সমন্বয় বজায় রাখার তাগিদ দিয়ে বলেছেন, সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে জনগণকে বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সার, বীজ, ঋণ ও কৃষি উপকরণ সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন।
উপদেষ্টা মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের দপ্তরে জেলার বন্যা ও বন্যা-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
উপদেষ্টা সম্মিলিত প্রচেষ্টায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজ সফল করতে আহ্বান জানান। জেলার নদী ভাঙন, কৃষকদের চাহিদা মোতাবেক সারের অতিরিক্ত সরবরাহসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক তৌহিদা বুলবুল, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপি কমপ্লেক্সে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চার লাখ ৫০ হাজার টাকা গৃহনির্মাণ মঞ্জুরি, কিছু কৃষি উপকরণ এবং খাদ্যসহ নানা ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এর আগে উপদেষ্টা রাজবাড়ী সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন দুস্থ প্রশিক্ষিত মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এসকে/১৯৪২ ঘ.
bdnews24