ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখনো চাঁদাবাজি চলছে বলে দাবি করেছেন মহাখালী টার্মিনালের বাস মালিকরা। তারা পুলিশের বিরুদ্ধে হয়রানি করারও অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার র্যাব ও পুলিশের সঙ্গে বৈঠকের সময় তারা এসব অভিযোগ করেন। অবশ্য পুলিশের পক্ষ থেকে হয়রানির অভিযোগ অস্বীকার করা হয়।
র্যাব- ২ এর উদ্যোগে মহাখালী বাস টার্মিনালে সকাল সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়ে প্রায় দুইঘণ্টা পর শেষ হয়।
মালিক পক্ষ সেখানে দাবি করে, বাস টার্মিনালগুলোতে এখনো নিয়মিত চাঁদাবাজি হচ্ছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে। গাড়ি ধরে মামলা দিচ্ছে। এগুলো দূর না হলে মালিকদের পক্ষে ব্যবসা চালিনো কঠিন হয়ে পড়বে।
তবে বৈঠকে উপস্থিত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাস মালিকদের বিরুদ্ধে যাত্রী হয়রানির পাল্টা অভিযোগ তুলে বলা হয়, কোনো কোনো মালিক একটি গাড়ির টিকিট দিয়ে অন্য গাড়িতে যাত্রী বহন করছেন। তারা ঈদ সামনে রেখে বেশি দামে টিকেটও বিক্রি করছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার পর ব্যস্ততম রাস্তায় তা দাঁড় করিয়ে রেখে যাত্রী তোলা হয়। এজন্য যানজট হচ্ছে। শুধু নিয়ম ভঙ্গ করার কারণেই এসব গাড়ির বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
পাল্টাপাল্টি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব কর্মকর্তারা চাঁদাবাজ ও হয়রানিকারীদের নাম সুনিদিষ্টভাবে জানানোর জন্য বাস মালিকদের অনুরোধ জানান। তারা বলেন, সুষ্ঠুভাবে গাড়ি চালানোর নিশ্চয়তা দেওয়াই এ বৈঠকের উদ্দেশ্য। পাশাপশি ঈদের মৌসুমে যাত্রী হয়রানি বন্ধ করার দিকেও সবাইকে নজর দিতে হবে।
বৈঠকে র্যাবের পক্ষে র্যাব- ২ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক আকবর আলি ও সহকারী পুলিশ কমিশনার আহমেদ মুয়িদ এবং পুলিশের পক্ষে সহকারী পুলিশ কমিশনার (অপরাধ) মশিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বাস মালিক পক্ষে ছিলেন এনামুল হক কেশু, আশরাফ হোসেন, মশিউর রহমান প্রমুখ। বৈঠকে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষে মাহবুবুল ইসলাম ও বি এম এনামুল হক বক্তব্য রাখেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএ/১৭৪০ ঘ.
bdnews24