২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাউচার, কেরিমেন ও মোত্তাকির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সেরজান কেরিমেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুছের মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সেরজান কেরিমেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুছের মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। রিচার্ড বাউচারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা-ওয়াশিংটন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। তিনি বাউচারকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা জানান। তথ্য বিবরণীতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুছের মোত্তাকির সঙ্গে বৈঠকে ইফতেখার আহমদ চৌধুরী বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ থেকে ইরানে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন মানুছের মোত্তাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সেরজান কেরিমেনকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দেশে শান্তিরক্ষার বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরসহ মাঠপর্যায়ের ঊর্ধ্বতন পদগুলোতে যথাযথ প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। কেরিমন জাতিসংঘের সংস্কার প্রক্রিয়ায় ভূমিকা রাখায় পররাষ্ট্র উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসএনডি/১৫৪৮ ঘ.