ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ মঙ্গলবার স্থগিত করেনি সুপ্রিম কোর্ট।
আদালত খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, বড় ছেলে তারেক রহমান, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে করা পৃথক চারটি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তাও স্থগিত করেনি আদালত।
খালেদা জিয়ার জামিনসহ এই ছয় জনের চারটি র্র্দুর্নীতি মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পাঁচটি আপিল আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী বৃহষ্পতিবার দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার ও দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আপিল আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানিতে আসামিদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
আদেশের পর ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " খালেদা জিয়ার জামিন স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। তাকে জামিন দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা বহাল রয়েছে। তার কারামুক্তিতে কোন বাধা নেই।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " খালেদা জিয়ার জামিন এবং তারসহ অন্যদের মামলা স্থগিতের হাইকোর্টের আদেশের ওপর চেম্বার বিচারপতির আদালত কোন স্থগিতাদেশ দেয়নি। এসব বিষয়ে আগামী বৃহষ্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।"
খালেদা ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা গ্যাটকো দূর্নীতি মামলা জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে দুইটি পৃথক রিট আবেদন দায়ের করা হয়। একই দিন তারেক, মওদুদ, নাজমুল হুদা ও সিগমা হুদার দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিট করা হয়।
৩০ সেপ্টেম্বর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের পরিপ্রেক্ষিতে খালেদার জামিন মঞ্জুর করেন। তার ও কোকোর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। তবে কোকোর জামিন মঞ্জুর করা হয়নি।
১ অক্টোবর তারেক রহমান, মওদুদ আহমেদ, নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।
তবে তারেক রহমান, মওদুদ আহমেদ, ব্যারিস্টার নাজমূল হুদাও সিগমা হুদা এ মামলা তিনটিতে জামিন আবেদন জানালেও আদালত সে বিষয়ে কোন আদেশ দেননি।
গত ২ সেপ্টেম্বর খালেদা, কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ দেয়া হয়। এতে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
এ মামলায় খালেদা জিয়া ও কোকোকে ৩ সেপ্টেম্বর সকালে গ্রেফতার করা হয়। গত ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অর্ন্তর্ভূক্ত করা হয়।
২৬ সেপ্টেম্বর তারেক, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে দুর্নীতির মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা।
১৬ সেপ্টেম্বর গুলশান থানায় ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারি পরিচালক মো. শরিফুল হক সিদ্দিকী।
এতে অভিযোগ আনা হয়, ব্যারিস্টার মওদুদ জ্ঞাত আয়-বহির্ভূত ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।
নাজমূল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে ১১ জুলাই দুদকের সহকারি পরিচালক তালেবুর রহমান ধানমন্ডি থানায় দুর্নীতির মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, দুদকের নোটিশের ভিত্তিতে তারা সম্পদের যে হিসেব দিয়েছেন তা সঠিক নয়। তারা সম্পদের যে উৎস দেখিয়েছেন সেটাও সন্তোষজনক নয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এসকে/২১৩১ঘ.
bdnews24