২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আবারও বেড়িবাঁধে ভাঙন, ১৮টি গ্রাম প্লাবিত

আশাশুনি উপজেলার নাকনা, হরিশখালিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে যাওয়ার তিনদিনের মধ্যে এবার ভেঙেছে চাকলা বাঁধ। কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের তোড়ে রোববার রাতে চাকলা বাঁধ ভাঙায় প্লাবিত হয়েছে প্রতাপনগর ইউনিয়নের ১৮টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সাতক্ষীরা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশাশুনি উপজেলার নাকনা, হরিশখালিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে যাওয়ার তিনদিনের মধ্যে এবার ভেঙেছে চাকলা বাঁধ। কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের তোড়ে রোববার রাতে চাকলা বাঁধ ভাঙায় প্লাবিত হয়েছে প্রতাপনগর ইউনিয়নের ১৮টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ। সোমবার সাতক্ষীরা সেনাক্যাম্পের সদস্যরা ভাঙন মেরামতের কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় জনগণও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা করছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, রোববার রাতে কপোতাক্ষ নদের জোয়ারের তোড়ে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ৬০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর আগে গত সপ্তাহে নাকনা ও হরিশখালিতে একই বাঁধে ভাঙন তৈরি হয়। এখন সব মিলিয়ে বাঁধের তিনটি অংশ দিয়ে পানি ঢুকছে। ফলে প্রতাপনগর ইউনিয়নের নাকনা, শিরসা, খাজরা, কল্যাণপুর, প্রতাপনগর, সোনাতনকাটি, গোয়ারকাটি, কুড়িকাউনিয়া, শ্রীপুর, বন্যতলা, মাদারবাড়ীয়া, দরগাতলার আটি, চাকলা, গড়পদ্মপুকুর, রুইয়ের বিল, হরিশখালি, গোকুলনগর ও সুভদ্রাকাটি এলাকার বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। আব্দুল মান্নান জানান, জোয়ারে পরিস্থিতির অবনতি হচ্ছে। ভাটায় পানি নেমে গেলেও বাঁধ এলাকার সব মাটি নদী গর্ভে চলে যাচ্ছে। আশাশুনি উপজেলার প্রকল্প কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ এখন পানিবন্দি। পানি ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি ও ১৫'শ চিংড়ি ঘের তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (এসও) শাহিদুল্লাহ জানান, নতুন করে চাকলায় বাঁধ ভেঙে যাওয়ায় প্রতাপনগর বাজারের রাস্তাঘাটের একহাত ওপর দিয়ে পানি বইছে। রোববার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১৩৫ ঘ.