চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর খুলশী থানাধীন ফিরোজ শাহ কলোনির একটি বাড়িতে ওয়াসার পানির লাইন খুলে অবৈধ বাইপাস লাইন লাগানোর দায়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাইপাস লাইনে ব্যবহৃত ৩০ ফুট অবৈধ পাইপ জব্দ ও বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
এদিকে রোববার আগ্রাবাদ শেখ মুজিব রোডে একটি বাণিজ্যিক ভবনে ওয়াসার বিপুল পরিমাণ পানি চুরির ঘটনায় ভবন মালিক থেকে ৯৩ হাজার টাকা ক্ষতিপুরণ আদায় করে একই আদালত।
মুনীর চৌধুরী জানান, চারতলা ভবনটি থেকে আন্ডার বিলিংয়ের মাধ্যমে প্রতি মাসে মাত্র চার থেকে পাঁচশ টাকা বিল পরিশোধ করা হতো। ফলে প্রতি মাসে ওয়াসা বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/২১১৫ ঘ.
bdnews24