ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে গত চার মাসে ৪০ হাজারেরও বেশি মানুষ কালো টাকা সাদা করার সুযোগ নিলেও সে তুলনায় বৈধ হয়েছে সামান্য পরিমাণ অর্থ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সোমবার ঘোষিত চূড়ান্ত তথ্য অনুযায়ী, গত চার মাসে সব মিলিয়ে ৪২ হাজার ৪৫৯ জন এ সুযোগ নিয়েছেন। বিপরীতে পাঁচ হাজার ২১৩ কোটি ৩২ লাখ টাকা বৈধ হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, "মধ্যবিত্তরা বিবেকের তাড়নায় সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়েছেন। আর বিত্তশালীরা বিশাল অঙ্কের অবৈধ সম্পদ রেখে সাহস দেখিয়েছেন। এদের সাহস সব সময়ই বেশি থাকে। কিন্তু বিবেক বলে কিছু নেই।"
চার মাসে কালো টাকা সাদা করা থেকে সরকার কর বা রাজস্ব পেয়েছে ৮০২ কোটি ৩৯ লাখ টাকা। শেষ দিন রোববার কালো টাকা সাদা করেছেন ১৬ হাজার ৫৩২ জন। এনবিআরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সুযোগ গ্রহণকারীদের প্রত্যেকে গড়ে মাত্র সোয়া ১২ লাখ টাকা বৈধ করেছেন।
এনবিআরের চেয়ারম্যান সোমবার দুপুরে কালো টাকা বৈধ করার চূড়ান্ত তথ্য প্রকাশের সময় সাংবাদিকদের বলেন, ''সাড়ে ৪২ হাজার মানুষ সরকার ঘোষিত এ সুযোগ নিয়েছেন। কিন্তু বৈধ হয়েছে পাঁচ হাজার কোটি টাকার কিছু বেশি অপ্রদর্শিত আয়। এ থেকেই প্রমাণিত হয়, রাঘব বোয়ালরা অপ্রদর্শিত আয় বৈধ করেননি। যারা করেছেন, তাদের সিংহভাগই মধ্যবিত্ত। একজন অর্থনীতিবিদ গবেষণা করে বলেছেন, দেশে নাকি দুই লাখ কোটি টাকার বেশি অপ্রদর্শিত আয় আছে। সে হিসাবে পাঁচ হাজার কোটি টাকা খুবই সামান্য।''
কালো টাকা যারা বৈধ করেনি তাদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তবে এটি করতে গিয়ে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ রাখারও আশ্বাস দেন তিনি।
বদিউর রহমান বলেন, ''যারা অপ্রদর্শিত আয় বৈধ করার জন্য রোববার পে-অর্ডার করেছিলেন, কিন্তু সময়ের অভাবে জমা দিতে পারেননি, তারা সোমবার জমা দিয়েছেন। এ কারণে রোববারের চেয়ে সোমবার হিসাবে অপ্রদর্শিত আয় বৈধ করার পরিমাণ বেড়েছে।''
এনবিআরের হিসেবে, গত চার মাসে খুলনা কর অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কালো টাকা বৈধ করেছেন। এ অঞ্চলে মোট চার হাজার ৩৪৭ জন ২৬১ কোটি ৫৫ লাখ টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেন। এ থেকে সরকার কর পেয়েছে ২৯ কোটি টাকা।
অন্যদিকে, সবচেয়ে বেশি অপ্রদর্শিত আয় বৈধ হয়েছে ঢাকা কর অঞ্চল- ২ এ। সেখানে মোট তিন হাজার ১৬৩ জন ৪২৭ কোটি টাকা বৈধ করেছেন। সরকারের কোষাগারে এজন্য কর জমা পড়েছে ৬৬ কোটি টাকা।
কর অঞ্চল- ৪ এ মোট দুই হাজার ৪৬১ জন ৪১২ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। সরকার কর পেয়েছে ৬২ কোটি টাকা। কর অঞ্চল- ৫ এ মোট তিন হাজার ২৫১ জন ৪৭৪ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। এ থেকে কর এসেছে ৮১ কোটি টাকা। কর অঞ্চল- ১ এ দুই হাজার ৬৩৩ জন ৪০৮ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। সরকার কর পেয়েছে ৭২ কোটি টাকা। কর অঞ্চল- ৬ এ দুই হাজার ২০৬ জন ২৮২ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। এ থেকে কর পাওয়া গেছে ৪৪ কোটি টাকা। কর অঞ্চল- ৭ এ দুই হাজার ১৮১ জন ৩১৯ কোটি টাকা বৈধ করেছেন। কর জমা পড়েছে ৫১ কোটি টাকা। কর অঞ্চল- ৮ এ দুই হাজার ১০৯ জন ৩৪১ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। সরকার কর পেয়েছে ৬২ কোটি টাকা।
বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) ১৫৮ জন মোট ১৪৩ কোটি টাকা বৈধ করেছেন। এজন্য রাজস্ব এসেছে ৪৫ কোটি টাকা। কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে ৭২ কোটি টাকা বৈধ করেছেন ৫৮৬ জন। কর জমা পড়েছে দশ কোটি টাকা।
চট্টগ্রাম কর অঞ্চল- ১ এ দুই হাজার ৫৫৩ জন ২৫১ কোটি ৫৭ লাখ টাকা বৈধ করেছেন। সরকার কর পেয়েছে ৪০ কোটি টাকা। কর অঞ্চল- ২ এ বৈধ হয়েছে ২৯৫ কোটি টাকা। কর এসেছে ৩৮ কোটি টাকা। বৈধ করেছেন তিন হাজার ২৮৫ জন। অঞ্চল- ৩ এ দুই হাজার ৪৩৬ জনের ২৪৫ কোটি টাকা বৈধের বিনিময়ে কর এসেছে ৩১ কোটি টাকা।
রংপুর কর অঞ্চলে এক হাজার ৯৫৭ জন ১৭৭ কোটি টাকা বৈধ করেছেন। রাজস্ব জমা পড়েছে ১৯ কোটি টাকা। রাজশাহী কর অঞ্চলে ২৬৭ কোটি টাকা বৈধ করেছেন দুই হাজার ১৫৯ জন। কর এসছে ৩২ কোটি টাকা। বরিশাল কর অঞ্চল থেকে সরকার কর পেয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। এক হাজার ৬২৯ জন সেখানে ১৩৭ কোটি টাকা বৈধ করেছেন। এছাড়া, সিলেট কর অঞ্চলে দুই হাজার ৪৪৬ জন ৩৩৭ কোটি ৫৯ লাখ টাকার অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। সরকার কর পেয়েছে ৫০ কোটি টাকা।
সরকার গত ৪ জুন নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়। প্রথম দফায় দুই মাসের জন্য এই সুযোগ দেওয়া হয়। ৩১ জুলাই এ সুবিধার মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৯৩৮ ঘ.
bdnews24