ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালদ্বীপে গত রোববারের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুই বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। তবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন, দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়ে সরকার এখনো কিছু জানে না।
রোববার মালদ্বীপের রাজধানী মালের একটি মসজিদের কাছে ওই বোমা বিস্ফোরণে দুজন ব্রিটিশ নাগরিকসহ ১২ জন বিদেশি পর্যটক আহত হয়।
দেশটির পর্যটনমন্ত্রী মাহমুদ সউগি সোমবার সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
বোমা বিস্ফোরণের পরপরই মালের বাংলাদেশ দূতাবাস এক ফ্যাক্সবার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানালেও দুই বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রণালয় এখনো কিছু জানে না।
সোমবার পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালদ্বীপে কোনো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমার জানা নেই।"
শ্রীলংকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে এই বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছে, 'আমরা এই কাণ্ডজ্ঞানহীন সহিংস আচরণের নিন্দা জানাই।'
যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, তাদের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বোমা হামলার ঘটনা তদন্তে মালদ্বীপ সরকারকে সহযোগিতা করছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম এরইমধ্যে বোমা হামলার জন্য সে দেশের বিরোধী দলগুলোকে দায়ী করেছেন।
প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে দেশটির বিরোধী দলগুলো কিছুদিন আগে পর্যটন শিল্প বয়কটের ঘোষণা দেয়।
মালদ্বীপের অর্থনীতিতে পর্যটন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। গত বছর ৫ লাখেরও বেশি মানুষ মালদ্বীপ ভ্রমণ করেছেন। দেশটিতে পর্যটকদের ওপর হামলার ঘটনাও বিরল। ১৯৮৮ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর গত রোববারের আগ পর্যন্ত মালেতে কোনো বোমা হামলার ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/জেকে/এমএ/১৯১০ঘ.
bdnews24