২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের মাধ্যমে ইসি দলগুলোতে গণতন্ত্র চর্চা নিশ্চিত করতে চায়: সাখাওয়াত

রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের কোনো অভিপ্রায় নির্বাচন কমিশনের নেই জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নিবন্ধনের মাধ্যমে তারা কেবল দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে চান। তিনি সোমবার দুপুরে বরিশাল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় বলেন, "বাধ্যতামূলক নিবন্ধনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে কতগুলো আইন মেনে চলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বরিশাল, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের কোনো অভিপ্রায় নির্বাচন কমিশনের নেই জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নিবন্ধনের মাধ্যমে তারা কেবল দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে চান।। তিনি সোমবার দুপুরে বরিশাল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় বলেন, "বাধ্যতামূলক নিবন্ধনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে কতগুলো আইন মেনে চলতে হবে। এক কথায়, আইনই তাদের নিয়ন্ত্রণ করবে, নির্বাচন কমিশন নয়।" সাখাওয়াত হোসেন বলেন, "আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কোনো জবাবদিহিতা নেই। এমনকি তারা এমন লোককেও মনোনয়ন দেন, যাদের সংশ্লিষ্ট এলাকার ভোটাররা নির্বাচনের আগে কখনোই দেখেওনি।" তিনি জানান, আগামী নির্বাচনে ভোটাররা 'না' ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। এটি এখন খসড়া আকারে রয়েছে। অচিরেই তা আইন হিসেবে অনুমোদন পাচ্ছে। নির্বাচন কমিশনার আরো জানান, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের আয়ের উৎস সম্পর্কে তথ্য দেয়া বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে কেউ কোনো দলকে ১০ হাজার টাকার বেশি অনুদান দিলে তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় সঙ্কল্পের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "আগামী বছরের শুরুতেই বরিশাল, খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে।" ছবিসহ ভোটার তালিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "২০০৬ সালের ভোটার তালিকায় ১ লাখ ২২ হাজার এবং ২০০১ সালের তালিকায় প্রায় ৬৮ হাজার ভুয়া ভোটার ছিল। ছবিযুক্ত ভোটার তালিকা হলে এক ব্যক্তি একাধিক স্থানে ভোটার হতে পারবে না। ফলে এ তালিকায় ভুয়া ভোটার আর থাকছে না।" বরিশাল জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু সাঈদ মো. আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জিএনএ/১৪০৮ ঘ.