নারায়ণগঞ্জে ডাইং ফ্যাক্টরিতে ১০ মাসে ৫০ লাখ টাকার গ্যাস চুরি
শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পদ্মা নিট ডাইং ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস লাইন সংযোগের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি গত ১০ মাসে গ্যাস চুরি করে সরকারের ৫০ লাখ টাকার ক্ষতি করেছে বলে কর্তৃপক্ষ জানায়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে জানান, ২০০৫ সালের জুন মাসে বিপুল অংকের বকেয়ার কারণে পদ্মা নিট ডাইং ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর ২০০৬ সালের এপ্রিল মাসে অভিযান চালিয়ে এই ফ্যাক্টরির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কারখানাটি আর সংযোগ না নিলেও গত ১০ মাসে সেখানে উৎপাদন চলছে যথারীতি।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে মাটি খুঁড়ে দেখতে পায়, ফ্যাক্টরিটিতে তিতাসের প্রধান লাইন থেকে জিআই পাইপের মাধ্যমে আলাদা পয়েন্ট তৈরি করে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে।
এভাবে গত ১০ মাসে পদ্মা ডাইং প্রায় ৫০ লাখ টাকার গ্যাস চুরি করেছে। এ ঘটনার পর তিতাস গ্যাসের পক্ষ থেকে পদ্মা ডাইং ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ থানা পুলিশ জানায়, ফ্যাক্টরির মালিক বাংলাদেশ হোসিয়ারি সমিতির সাবেক সহসভাপতি মোহাম্মদ হোসেন মিঠু ঘটনার পর থেকে পলাতক।
