২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরমা এখন বিপন্ন নদীর নাম

একসময় দু কূল ছাপানো সুরমা নদীকে নিয়ে কতো কাব্যই না রচিত হয়েছে। অথচ সেই সুরমাই এখন নাব্যতা হারিয়ে বিপন্ন প্রায়। গত ১০ বছর ধরে খনন না হওয়ায় নদীর তলদেশ ভরাট হয়ে সিলেট--আজমিরীগঞ্জ নৌকা পথের বেশ কয়েকটি নদী বন্দরের অস্তিত্ব এরইমধ্যে বিলীন হয়ে গেছে। স্থানে স্থানে গড়ে উঠেছে বড় বড় চর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বিশেষজ্ঞরা আরও বলছেন, সুরমা নদীতে পানি প্রবাহ পুনরুদ্ধার না হলে এতে দূষণমাত্রার হার বাড়তেই থাকবে। প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে যাবে মাছ চাষও। সুরমার উৎসমুখ জরুরি ভিত্তিতে খনন না হলে ১০ বছরের মধ্যেই শহর সিলেট অস্তিত্ব হারাতে পারে।

অবস্থা এমনই দাঁড়িয়েছে, এক সময় সিলেটবাসীর কাছে গর্ব ও গৌরবের নদী সুরমা এখন দুঃখের আরেক নামে পরিচিতি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড দাবি করছে, এ নদীর অস্তিত্ব রক্ষায় তারা যথা সম্ভব শিগগিরই খনন কাজ শুরু করতে উদ্যোগ নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নদী খননের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন ১৯৯৯ সালের জুলাই মাস থেকে সুরমার উৎস মুখ এলাকায় জরিপ কাজ শুরু করে। এক বছরের মধ্যেই এ জরিপ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা ৬ বছরেও হয়নি।

ভারতের আসাম রাজ্য থেকে নেমে আসা বরাক নদী সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার অমলসীদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। সুরমার উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় এতদিন এ নদী দিয়ে বরাকের মাত্র ২০ ভাগ পানি প্রবাহিত হতো। বাকি ৮০ ভাগ প্রবাহিত হতো কুশিয়ারা দিয়ে। কিন্তু উৎসমুখ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে সুরমা নদীতে বরাকের পানি প্রবাহ একেবারে বন্ধ হয়ে গেছে। আর এ কারণে সুরমা এখন জলধারাহীন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, নদী খনন না হওয়ায় সুরমা ও কুশিয়ারা নদীতে ভাঙন সমস্যা তীব্র আকার নিয়েছে।

জকিগঞ্জের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ক্রমাগত ভাঙনের ফলে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার প্রায় ৩০ কিলোমিটার এলাকা এখন ভারতের দখলে চলে গেছে। সম্প্রতি সুরমা সীমান্তবর্তী সিলেট নগরীর টুকের বাজার, মেন্দিভাগ, ডহর ও কুশিয়ারা এলাকায় গেলে গ্রামবাসীরা জানান, সুরমার তীব্র ভাঙনে এসব গ্রামের অস্তিত্ব আজ হুমকির মুখে। 

পানি উন্নয়ন বোর্ড সিলেট এর নির্বাহী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম বলেন, সুরমার উৎসমুখ খনন হলে সব সমস্যার সমাধান সম্ভব হবে। খননের লক্ষ্য নিয়ে ভারত-- বাংলাদেশ যৌথ নদী কমিশন সুরমার উৎসমুখে জরিপ কাজ শুরু করেছে। তবে নানা কারণে এ জরিপ এখনো শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলা যাচ্ছে না। এ জরিপ কাজ শেষ হলেই আমরা সুরমা নদী খননের বিষয়ে চিন্তা-- ভাবনা করব।

সুরমা নদীর খনন কাজ অচিরেই শুরু না হলে এটি আরও বিপন্ন হয়ে পড়বে উল্লে¬খ করে তিনি বলেন, “আমরা এ নদী রক্ষা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছি।”

এদিকে নাব্যতা হারানোর ফলে নগরীর কুশিঘাট, ডহর, মেন্দিবাগ ও নগরী থেকে দূরে সিলেট গোলাপগঞ্জ সড়কের পাশে নদীর তীরঘেঁষা আলিমপুরের পশ্চিম ভাগ, কেওয়াঘাট ও হিলালপুরসহ এর আশপাশের গ্রামগুলো ঘুরে সুরমাকে দেখে নদী বলে মনে হয়নি। কোথাও দেখা যায়নি নদীর কুলুকুলু জলধারা।

বরঞ্চ চোখে পড়েছে, নদীর স্থানে স্থানে গড়ে ওঠেছে বড় বড় চর। কোথাও নদীর তলদেশ ভরাট হয়ে তৈরি হয়েছে খেলার মাঠ আবার কোথাও বা নদীর এপারে ওপারে তৈরি হয়েছে পায়ে চলার পথ।

বৃহস্পতিবার দুপুরে কুশিঘাট এলাকায় গিয়ে নদীর ওপর গড়ে ওঠা বিশাল চরগুলো থেকে স্থানীয় লোকজনকে ট্রাকে করে মাটি নিয়ে যেতে দেখা গেছে।

কুশিঘাটের ব্যবসায়ী বাহার উদ্দিন বলেন, “গত পাঁচ-- ছয় বছর ধরে নদীপথে বড় কোন নৌকা চলাচল করতে পারছে না। আগে কৃষি জমিতে সেচের জন্য প্রয়োজনীয় পানি আমরা সুরমা থেকেই পেতাম-- এখন পাই না। বর্ষা এলে এখন সামান্য বৃষ্টিতেই গ্রামে বন্যা নামে, ভাঙন তীব্র হয়।

একই গ্রামের বাসিন্দা আতাউর রহমান আতা বলেন, “আগে সুরমার দিকে তাকালে বুক গর্বে ভরে ওঠত। কিন্তু সুরমার এমন করুণ অবস্থা সিলেট নগরীর সৌন্দর্যেও চির ধরিয়েছে। নদীর বিপন্নতায় সিলেটের পরিবেশ সচেতনরাও উদ্বিগ্ন। তারা অনতিবিলম্বে সুরমা খননের দাবি জানিয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের সাবেক প্রধান ড. মুশতাক আহমেদ বলেন, “সুরমা নদীতে পানি প্রবাহ পুনরুদ্ধার না হলে এতে দুষণমাত্রার হার বাড়তে থাকবে। আমরা সুরমা নদীতে গবেষণা চালিয়ে দেখেছি এ নদীতে আগে মৎস্য চাষের যে সম্ভাবনা ছিল এখন তা আর নেই। এ নদীতে মৎস্যচাষের প্রয়োজনীয় অক্সিজেনও নেই।”

লেখক মো. আবদুল আজিজ বলেন, “সুরমার করুণ চিত্র সিলেটের অপার সৌন্দর্য্যরে মাত্রাকে অনেকাংশে কমিয়ে দিয়েছে। সুরমা নদীতে আগে বড় বড় স্টিমার চলাচল করত Ñ এখন বড় নৌকাও চলে না। এ ছাড়া আগেকার বড় বড় নদী বন্দরও এখন আর নাই।”

নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী শেখ মো. মনিরুল ইসলাম বলেন, সুরমা নদী এখন হেঁটেই পার হওয়া যায়। এটা কী নদী?” 

বিশিষ্ট আইনজীবী ই ইউ শহীদূল ইসলাম বলেন, সুরমায় নৌকা বাইচ হতো আগে। এখন সামান্য বৃষ্টিতেই নগরীতে উপচে পড়ে সুরমার পানি। ফলে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।