২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ পৌর ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও টেকনাফ পৌরসভার চেয়ারম্যান আবদুর রহমান বদি এবং টেকনাফ পৌর বিএনপির সভাপতি ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সদস্যরা আবদুর রহমান বদিকে চট্টগ্রাম শহর থেকে ও নৌ বাহিনী জাফর আহমদকে টেকনাফ থেকে আটক করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার--৪ আসনে মহাজোট থেকে মনোনয়নপ্রাপ্ত টেকনাফ পৌরসভার চেয়ারম্যান আবদুর রহমান বদিকে চট্টগ্রাম শহরের রেল ষ্টেশন থেকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

র‌্যাবের একটি সূত্র জানায়, আবদুর রহমান বদিকে ঢাকায় র‌্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্র মতে, টেকনাফের মাফিয়া ডন নামে পরিচিত এজাহার মিয়া কোম্পানির পুত্র আবদুর রহমান বদির বিরুদ্ধে খুন, ধর্ষন, নারী নির্যাতন ও চোরাচালানসহ ১৫টির অধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, পুলিশ ও কোস্টগার্ডের একটি দল বুধবার সকাল প্রায় ১১টায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে। তার বিরুদ্ধেও চোরাচালানসহ নানা ধরনের মামলা রয়েছে।

কক্সবাজার পুলিশ সুপার আনোয়ার কামাল জানান, আবদুর রহমান বদি ও জাফর আহমদ চেয়ারম্যানকে আটকের খবর তিনি শুনেছেন। তবে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে সেনাবাহিনীসহ আইন --শৃংখলা বাহিনী সাঁড়াশি গ্রেপ্তার অভিযান শুরু করায় রাজনৈতিক নেতা-- কর্মীরা আত্মগোপনে যাওয়া শুরু করেছেন।

মাঠ পর্যায়ের নেতা-- কর্মীরা জানান, যে সব নেতা-- কর্মী কোন না কোন অপরাধ কিংবা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারাই গ্রেপ্তার আতংকে রয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম নুরুল বশর চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি দলীয় নেতা-- কর্মীদের আত্মগোপনে যাওয়ার কথা অস্বীকার করেছেন।